নিউজগার্ডেন ডেস্ক: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর কম্পিউটার সায়েন্স বিভাগ ও কম্পিউটার ক্লাবের উদ্যোগে তিন দিনব্যাপী ইনোভেশন এবং প্রযুক্তি বিষয়ক উৎসব ও প্রতিযোগিতা ইনোভেস্তা—২০২৬ গতকাল বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। গত ৩ নভেম্বর ২০২৬ থেকে এ প্রতিযোগিতা শুরু হয়।
৫ নভেম্বর সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. প্রকৌশলী মোজাম্মেল হক । আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার, আইকিউসি’র পরিচালক, সিএসই ও সিএসআইটি বিভাগের বিভাগীয় প্রধানগণ, বিভাগের শিক্ষকবৃন্দ, স্পন্সর প্রাতষ্ঠানের প্রতিনিধিগণ, কম্পিউটার ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি ও সদস্যবৃন্দ, এলামনাই ও আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ শিক্ষার্থীরা।
উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান বলেন, আজকের এই অনুষ্ঠান অনেকগুলো কর্মসূচির সমন্বয়। প্রযুক্তি উৎসব ও প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষা সমাপণী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। আমি বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি। ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে আগত সাউদার্ন ইউনিভার্সিটির গর্বিত এলামনাই সদস্যদের প্রতি যাদের সহযোগিতায় অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে। আশাকরি বর্তমান শিক্ষার্থী ও এলামনাই এর পারস্পরিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে।
গত ৩ নভেম্বর প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং কনটেস্ট, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রজেক্ট শোকেস, আইটি কুইজ এবং ম্যানগ্রোভ ই—স্পোর্ট এর আয়োজনে প্রি—ফায়ার ইভেন্টের মাধ্যমে উৎসবের সূচনা হয়। ৪ নভেম্বর অনুষ্ঠিত হয় ই—ফুটবল ও মিনি মিলিটিয়া গেমিং প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের গেমিং দক্ষতা, কৌশলগত সক্ষমতা ও প্রতিযোগিতামূলক মনোভাব প্রদর্শনের সুযোগ পান। ৫ নভেম্বর সমাপনী দিনের আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, ফ্লাশমব, রোবো সকার, স্ট্রিট ফাইটার প্রতিযোগিতা, বিদায় অনুষ্ঠান, পুরস্কার বিতরণী, স্পন্সরদের স্বীকৃতি ও সম্মাননা প্রদান, সাংস্কৃতিক পরিবেশনা এবং লাইভ ব্যান্ড সংগীতানুষ্ঠান।
অনুষ্ঠানটির সার্বিক নেতৃত্বে ছিলেন আহ্বায়ক ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং যুগ্ম আহ্বায়ক নাবিলা। বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান তানজিয়া চৌধুরী এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান জিনাত সুলতানা।
অনুষ্ঠান সম্পর্কে আয়োজক কমিটির সদস্যরা বলেন, ইনোভেস্তা—২০২৬ শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তিগত উদ্ভাবন, সৃজনশীলতা, একাডেমিক উৎকর্ষ, পারস্পরিক সহযোগিতা এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব বিকাশের এক অনন্য প্লাটফর্ম হিসেবে ভূমিকা পালন করেছে। পাশাপাশি এই আয়োজন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের মধ্যে ঐক্য, সম্প্রীতি এবং সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।