নিউজগার্ডেন ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের প্যানেল স্পীকার জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি বলেছেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হলেও শেখ মুজিব বাকশাল কায়েম করে গণতন্ত্রের কবর রচনা করেছিল। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে নতুন বিপ্লবের সূচনা হয়। সিপাহী বিপ্লবের মাধ্যমে দেশে প্রকৃত গণতন্ত্র ফিরে আসে। আর দেশকে নতুন করে স্বাধীনতা এনে দেয়।
আজ জুমাবার সন্ধ্যা ৬ টায় জাতীয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে সাতকানিয়ার কেরানীহাটস্থ সী-ওয়ার্ল্ড রিসোর্টের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার নবনির্বাচিত আমীর জননেতা আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, জেলা কর্মপরিষদ সদস্য নুরুল হক, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, চন্দনাইশ উপজেলার আমীর কুতুব উদ্দিন, কেরানীহাট শহর শাখার আমীর মুহাম্মদ নাছির উদ্দিন সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
সরকারের উদ্দেশ্যে প্রধান অতিথি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পর প্রায় ৭০ শতাংশ জনগণ দেশের সংস্কারের জন্য গণভোটে হ্যাঁ রায় দেন। কিন্তু গণভোটের গণরায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন না করে জনগণের সাথে প্রতারণা করছে। সরকারকে এর মাশুল একদিন দিতে হবে। জনগণের চাহিদার আলোকে দেশকে গঠন করতে সরকারের প্রতি আহবান জানান।
সভাপতির বক্তব্যে জেলা আমীর বলেন, জনগণের দ্বারা নির্বাচিত সরকার জনগণের কল্যাণে কাজ করবে। কিন্তু সরকার ক্ষমতার লোভে অন্ধ হয়ে জনগণের উপর জুলুম নির্যাতন চালায়। ফলে গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। তাই জনগণের এ অভ্যুত্থান সরকারকে সঠিক পথে দেশ চালাতে বাধ্য করে।