নিউজগার্ডেন ডেস্ক: ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
আজ রোববার (৮ নভেম্বর) সকালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। চট্টগ্রামের এলজিইডি সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।
অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান।
এ ছাড়া বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মোহাম্মদ দুলাল মিঞা ও জেলা সমবায় কর্মকর্তা সিফাত উল্লাহ তাসনিম।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টায় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগের ভিত্তিতে মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব। দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সমবায় খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তারা আরও বলেন, সমবায়ভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে হবে। পাশাপাশি সমবায় সমিতির সদস্যদের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। এর মাধ্যমে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করে দেশের উন্নয়নে কার্যকর অবদান রাখা সম্ভব।
অনুষ্ঠানে সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।