নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুর্নীতি, অনিয়ম, জলাবদ্ধতা ও নাগরিক সেবা প্রদানে ব্যর্থতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নগরবাসীর সেবা নিশ্চিত করার প্রতিষ্ঠান হলেও বিভিন্ন সময়ে প্রকাশিত সংবাদে এর অভ্যন্তরে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার চিত্র উঠে এসেছে। প্রথম আলোতে প্রকাশিত সংবাদ অনুযায়ী, গৃহকর নির্ধারণে অনিয়মের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের কর ৩ কোটি ৩০ লাখ টাকা থেকে কমিয়ে মাত্র ১৮ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে রাজস্ব বিভাগের বিভিন্ন অনিয়মে সিটি করপোরেশনের ২২২ কোটি টাকার ক্ষতির তথ্য উঠে এসেছে। রূপালী বাংলাদেশ-এর এক প্রতিবেদনে ১৭৫ কোটি টাকার বেশি রাজস্ব হারানোর তথ্যও প্রকাশিত হয়েছে। এসব ঘটনা চসিকের প্রশাসনিক কাঠামোয় জবাবদিহি ও স্বচ্ছতার গুরুতর ঘাটতি তুলে ধরে। চট্টগ্রাম সিটি করপোরেশনকে দুর্নীতির আখড়া বানিয়ে রাখার এই সংস্কৃতি আর চলতে দেওয়া যায় না। নগরবাসীর করের টাকার প্রতিটি পয়সার হিসাব নিশ্চিত করতে হবে এবং দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িতদের দল-মত ও পদমর্যাদা বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে।
তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে নেওয়া প্রকল্পগুলোর কাজ কবে নাগাদ সম্পন্ন হবে এবং নগরবাসী কবে স্থায়ীভাবে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি পাবে, তার সুস্পষ্ট সময়সীমা জানাতে হবে। প্রতিবছর বিপুল অর্থ ব্যয় করা হলেও সামান্য বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। অন্যদিকে, নিয়মিত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের ঘাটতিতে নগরীর বিভিন্ন সড়ক, নালা-নর্দমা ও জনবহুল এলাকায় ময়লা-আবর্জনা জমে থাকছে। মশার উপদ্রব ও অস্বাস্থ্যকর পরিবেশ জনস্বাস্থ্যের জন্য হুমকি তৈরি করছে। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ে তুলতে চসিকের সুনির্দিষ্ট পরিকল্পনা, নিয়মিত তদারকি এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। শুধু প্রকল্প গ্রহণ নয়, প্রকল্পের বাস্তবায়ন ও সুফল নগরবাসীর কাছে দৃশ্যমান করতে হবে।
মেয়রের দায়িত্ব পালন প্রসঙ্গে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হওয়ার পরও ডা. শাহাদাত হোসেন মেয়রের পদে দায়িত্ব পালন করে আসছিলেন। অথচ পরবর্তীতে সরকার তাঁকেই চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। মেয়াদ শেষ হওয়ার পরও মেয়রের পদে বহাল থাকা এবং পরবর্তীতে নতুন করে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি তাঁর পূর্ববর্তী দায়িত্বের বৈধতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দিয়েছে। সরকার যদি তাঁকে প্রশাসক হিসেবে নতুন করে নিয়োগ দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে থাকে, তাহলে মেয়াদোত্তীর্ণ হওয়ার পর এতদিন কোন আইনি ভিত্তিতে তিনি মেয়রের দায়িত্ব পালন করেছেন, তার সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। জনগণের প্রতিষ্ঠান পরিচালনায় আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা অপরিহার্য।
তিনি আরও বলেন, চট্টগ্রাম নগরীকে যানজটমুক্ত, নিরাপদ ও বাসযোগ্য করে তুলতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার পাশাপাশি হকারদের জীবিকা ও পুনর্বাসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। হকার উচ্ছেদের নামে তাঁদের জীবিকার পথ বন্ধ না করে একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় পর্যায়ক্রমে পুনর্বাসন ও ব্যবসার উপযুক্ত স্থান নির্ধারণ করতে হবে। একই সঙ্গে ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী করা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অবৈধ দখল ও যানজট নিয়ন্ত্রণ এবং অপরাধপ্রবণ এলাকায় নিরাপত্তা জোরদার করতে হবে। নগরবাসীর নির্বিঘ্ন চলাচল, জানমালের নিরাপত্তা ও স্বস্তিদায়ক জীবন নিশ্চিত করাই সিটি করপোরেশনের অন্যতম দায়িত্ব।
তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনকে দুর্নীতি, দলীয় প্রভাব ও অদক্ষতার বলয় থেকে বের করে একটি জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। নগরবাসীর প্রত্যাশা, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে চসিক জনগণের সেবক হিসেবে কাজ করবে। দুর্নীতি ও অনিয়মের তদন্ত, রাজস্ব ব্যবস্থার সংস্কার, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্ন নগরী গঠন, হকার পুনর্বাসন, যানজট নিয়ন্ত্রণ ও নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুছ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও মেয়রপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. এ কে এম ফজলুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান, অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, নগর কর্মপরিষদ সদস্য প্রফেসর ড. মাহবুবুর রহমান, মাওলানা মমতাজুর রহমান, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন ও অধ্যাপক মুহাম্মদ সাইফুল্লাহ, কোতোয়ালী থানা আমীর আমির হোসাইন, বন্দর থানা আমীর মাহমুদুল আলম, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, ড. আ ম ম মসরুর হোসাইন প্রমুখ।