নিউজগর্ডেন ডেস্ক: বিগত ১৬ বছরের অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও অপরিকল্পিত নগরায়ণের কারণে নান্দনিক চট্টগ্রাম নগরী ক্ষতবিক্ষত হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।
তিনি বলেন, একসময় গাছপালা, কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরের মোহনাকে ঘিরে চট্টগ্রাম ছিল প্রকৃতির এক অপূর্ব লীলাভূমি। কিন্তু বিগত সরকারের আমলে পাহাড় কাটা হয়েছে। নালা ও খালের ওপর নির্মাণ করা হয়েছে বহুতল ভবন, ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা। ফলে নগরীর স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় বাকলিয়া এক্সেস রোডে চকবাজার ও বাকলিয়া থানা যুবদলের যৌথ উদ্যোগে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ও ত্যাগী ভূমিকা রাখার জন্য এমদাদুল হক বাদশাকে আন্তরিক ধন্যবাদ জানান সিডিএ চেয়ারম্যান।
নগরীতে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন ও সরকারি জায়গা অবৈধ দখলের চিত্র তুলে ধরে প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, কোথাও ১০ তলার অনুমোদন নিয়ে ১২ তলা, আবার কোথাও ১২ তলার অনুমোদন নিয়ে ১৪ তলা ভবন নির্মাণ করা হয়েছে। সরকারি অনেক জায়গা অবৈধভাবে দখল করা হয়েছে। এমনকি নগরীর অনেক হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থাও রাখা হয়নি।
চট্টগ্রামের সৌন্দর্য ফিরিয়ে আনা ও পরিবেশ সুরক্ষায় সিডিএর ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, নগরীর রাস্তা ও ফুটপাত অবৈধভাবে দখল করে কোনো হকারকে বসতে দেওয়া হবে না। তবে হকারদের পুনর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। নগরবাসীকে বাড়ির আঙিনায় গাছ লাগানোর পাশাপাশি ছাদে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ট্যাংক স্থাপনের পরামর্শ দেন তিনি।
এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের সবুজায়ন উদ্যোগের প্রশংসা করে যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান সিডিএ চেয়ারম্যান।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, তিনি দেশে ফিরলে তাঁকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। গুম, আয়নাঘর, হত্যা এবং জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর চালানো হত্যাকাণ্ডের জবাব তাঁকে দিতে হবে। তিনি আরও বলেন, শহীদ সালাউদ্দীন কাদের চৌধুরীকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছিল। চট্টগ্রাম ছাত্রদল নেতা নুরুকে হাত-পা বেঁধে গুম ও হত্যা করা হয়েছে এবং ইলিয়াস আলীকে টুকরো টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। এসব কর্মকাণ্ডের জন্য দেশের জনগণ তাঁকে ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্য শেষে বাকলিয়া এক্সেস রোডে একটি কৃষ্ণচূড়ার চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী এমরান উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, সহসভাপতি নাছির উদ্দীন চৌধুরী নাছিম, চকবাজার থানা যুবদলের আহ্বায়ক মো. সেলিম, বাকলিয়া থানা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাকিম মাহমুদ চৌধুরী, চকবাজার থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহেল এবং চকবাজার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সাদ্দামুল হক।
এ ছাড়া উপস্থিত ছিলেন মো. রায়হান, কানিজ ফাতেমা মিতা, চকবাজার থানা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি রাকিবুল হাসান রাকিব, নাজমা আক্তার, মো. মিজান, মো. মুমিন, মো. ফরিদ, মো. খোকন, মো. জাহেদ, রহিম মিনু, হোছাইন রাশেদ, রিয়াজ শিকদারসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।