নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগওে সুলতান ইকরাম (২৮) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) দুপুরে নগরীর পাঁচলাইশ থানাধীন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পেছনে ফরেস্ট গেটের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ইমতিয়াজ সুলতান ইকরাম মুরাদপুর এলাকার মো. ইসহাক মিয়ার ছেলে। বর্তমানে তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ইমতিয়াজ সুলতান ইকরামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি এবং অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি এসআরবি-৭ তাকে গ্রেপ্তার করেছিল।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, দুটি মোটরসাইকেলে করে পাঁচজন দুর্বৃত্ত এসে ওই যুবককে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, দুপুর সোয়া ২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, ইমতিয়াজের স্ত্রী সূচি অভিযোগ করে বলেন, বড় সাজ্জাদ বাহিনীর সদস্যরা মোটরসাইকেলে এসে তাঁর স্বামীকে গুলি করেছে। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।