নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় তাঁরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়কে অবস্থান নেন এবং বিভিন্ন দলীয় স্লোগান দেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের কৈয়গ্রাম এলাকায় পিএবি সড়কে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিক্ষোভের একটি ভিডিওতে দেখা যায়, ব্যানার হাতে ১৫ থেকে ২০ জন নেতাকর্মী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তাঁদের কয়েকজন মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করেন। এ সময় শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি ‘শিক্ষা, শান্তি, প্রগতি’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানও দিতে শোনা যায়।
এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, ‘মিছিলের বিষয়ে পুলিশের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তবে মঙ্গলবার সকাল ৬টার দিকে মহাসড়ক থেকে দুটি পোড়া টায়ার উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।