
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেলে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৭০ হাজার কেজি সিমেন্টসহ পাঁচ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৮ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। অভিযান চলাকালে সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৯ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৭০ হাজার কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত বোটসহ পাঁচ পাচারকারীকে আটক করা হয়।
তিনি আরও জানান, জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।









