চবির হীরকজয়ন্তী উৎসব ঘিরে ব্যাপক প্রস্তুতি, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ গুরুত্ব

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হীরকজয়ন্তী উৎসব সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হীরকজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।

সভায় হীরকজয়ন্তী উৎসবকে সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানবাহন নিয়ন্ত্রণ, চিকিৎসাসেবা, অগ্নিনিরাপত্তা এবং অতিথিদের যাতায়াতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি উৎসব চলাকালে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সভা পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া, বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, পরিবহন দপ্তরের প্রশাসক, বিএনসিসি সমন্বয় কর্মকর্তা, জাদুঘরের পরিচালক, সহকারী প্রক্টরবৃন্দ, পুলিশ, রেলওয়ে পুলিশ, এসআরবি, ফায়ার সার্ভিস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক, হীরকজয়ন্তী উদযাপন কমিটি ও বিভিন্ন উপ-কমিটির সদস্য, স্থানীয় সিএনজি ও অটোরিকশা চালক সমিতির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন।
সভায় উপস্থিত প্রতিনিধিরা নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। একই সঙ্গে হীরকজয়ন্তী উৎসব সফল করতে নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
জানা গেছে, আগামী ১৮ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হীরকজয়ন্তী উৎসব উদযাপন করা হবে। এ উৎসবে বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক সাবেক ও বর্তমান শিক্ষার্থী, প্রাক্তন ও বর্তমান শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। উৎসবকে ঘিরে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টির পাশাপাশি সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে প্রস্তুতি জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন