গণপিটুনি, রাজনৈতিক সহিংসতা ও নারী-শিশু নির্যাতনে উদ্বেগ প্রকাশ BHRF-এর

নিউজগার্ডেন ডেস্ক: দেশে ক্রমবর্ধমান গণপিটুনি, রাজনৈতিক সহিংসতা, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন এবং নাগরিক নিরাপত্তাহীনতাসহ সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (BHRF)।

সংগঠনটির চেয়ারপার্সন অ্যাডভোকেট এলিনা খান ও মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে তাঁরা মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।

বিবৃতিতে তাঁরা বলেন, মানুষের জীবন, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও অপরাধীদের আইনের আওতায় আনা জরুরি।

বিবৃতিতে ২০২৬ সালের ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন ও পরিসংখ্যান তুলে ধরে বলা হয়, দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতিতে বেশ কিছু উদ্বেগজনক চিত্র দেখা যাচ্ছে।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর তথ্য উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, অক্টোবর মাসে গণপিটুনিতে ৩২ জন নিহত হয়েছেন, যা সেপ্টেম্বরে ২৩ জনের তুলনায় ৩৯ শতাংশ বেশি। চুরি, ডাকাতি, ব্যক্তিগত বিরোধ ও বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ প্রসঙ্গে অ্যাডভোকেট এলিনা খান বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলেই আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। অপরাধের বিচার করার একমাত্র বৈধ পথ হলো প্রচলিত আইন ও বিচারব্যবস্থা। গণপিটুনি সভ্য সমাজ, আইনের শাসন ও মানবাধিকারের সম্পূর্ণ পরিপন্থী।
বিবৃতিতে অধিকার-এর প্রতিবেদন উল্লেখ করে বলা হয়, চলতি বছরের প্রথম নয় মাসে দেশে ২ হাজার ৯০১টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১০৯ জন নিহত এবং ২ হাজার ৭৯২ জন আহত হয়েছেন। একই সময়ে নারী ও শিশুদের প্রতি সহিংসতার ৬১৭টি ঘটনা এবং গণপিটুনিতে ৭৪ জনের মৃত্যুর তথ্য উঠে এসেছে। এ ছাড়া কারাগারে ৬৭ জনের মৃত্যু, ১০টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ এবং সীমান্তে বিএসএফের গুলিতে ১১ জনের মৃত্যুর বিষয়টিও উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়।
সংগঠনের মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, রাজনৈতিক মতপার্থক্য কিংবা সামাজিক বিরোধ কোনোভাবেই সহিংসতার কারণ হতে পারে না। নাগরিকের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। একই সঙ্গে কারাগারে বন্দিদের মানবিক মর্যাদা, নিরাপত্তা ও যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোরও স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।
নারী ও শিশু নির্যাতনের চিত্র তুলে ধরে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর মাসে ২৪০ জন নারী ও শিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ৫১ জন ধর্ষণের শিকার, যার ৩৪ জন শিশু। ধর্ষণের পর তিনজনকে হত্যা করা হয়েছে। এ ছাড়া ৪২টি হত্যাকাণ্ড এবং ২৮টি রহস্যজনক মৃত্যুর ঘটনাও প্রতিবেদনে উঠে এসেছে।
অন্যদিকে, মানবাধিকার সহায়তা সংস্থা (এইচআরএসএস)-এর প্রতিবেদন অনুযায়ী, একই মাসে ২৬১ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে ৮২টি ধর্ষণের ঘটনা রয়েছে, যার ৪২ জনই শিশু।
বিবৃতিতে আরও বলা হয়, নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়; আইনের যথাযথ বাস্তবায়ন, সামাজিক সচেতনতা, ভুক্তভোগীর নিরাপত্তা এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বিশেষ করে শিশুদের বিরুদ্ধে যৌন নির্যাতন ও সহিংসতার ঘটনায় কোনো ধরনের অবহেলা বা আপস গ্রহণযোগ্য নয়।
কুমিল্লার চৌদ্দগ্রামে দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষকের গ্রেপ্তার এবং নাটোরের সিংড়ায় চার বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হওয়ার ঘটনায় শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিদাতারা বলেন, শিশুদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সামাজিক পরিবেশ নিরাপদ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। শিশু নির্যাতনের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে গ্রহণ করে দ্রুত তদন্ত, ভুক্তভোগীর সুরক্ষা, চিকিৎসা ও মনোসামাজিক সহায়তা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক আইনগত জবাবদিহি নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, মানবাধিকার কোনো বিশেষ ব্যক্তি বা শ্রেণির জন্য নয়; এটি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। গণপিটুনি, রাজনৈতিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং কারা হেফাজতে মৃত্যুর মতো ঘটনা প্রতিরোধে রাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি ও কার্যকর পদক্ষেপ নিশ্চিত করা অপরিহার্য।
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনার নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার, ভুক্তভোগী ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে।
সংগঠনটি বিশ্বাস করে, আইনের শাসন, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই একটি নিরাপদ, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

মন্তব্য করুন