
নিউজগর্ডেন ডেস্ক: কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ২ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও মানবপাচার এবং চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি আভিযানিক দল নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে সাবরাং আলোগোলা জোড়া এলাকা সংলগ্ন নাফ নদী থেকে বোটটি আটক করতে সক্ষম হন।
পরবর্তীতে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত বোটসহ দুইজন মাদক পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, এ মাদক পাচারের সঙ্গে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ী ও সহযোগীদের শনাক্ত এবং আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মিডিয়া কর্মকর্তা আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
অভিযান সম্পর্কে ব্রিফিং প্রদান করেন কোস্ট গার্ড স্টেশন টেকনাফের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন (এক্স), বিএন।









