চট্টগ্রাম, ১২ নভেম্বর ২০২৬: চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডসহ ইপিজেড সংলগ্ন এলাকার মানুষের দীর্ঘদিনের পানির সংকট নিরসনে অবিলম্বে ওয়াসার পানি সংযোগ নিশ্চিত করতে হবে। একটি বন্দরনগরীর গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ এলাকার বাসিন্দাদের সুপেয় পানির জন্য দুর্ভোগ পোহাতে হবে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, এলাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা দূর করা, নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার রাখা এবং পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে বর্ষা মৌসুমে মানুষের দুর্ভোগ স্থায়ীভাবে লাঘব করতে হবে। একই সঙ্গে সময়মতো ময়লা-আবর্জনা অপসারণ করে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, পতেঙ্গা, দক্ষিণ হালিশহর, ইপিজেডসহ ৩৯, ৪০ ও ৪১ নং ওয়ার্ডের বিপুল জনগোষ্ঠীর উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে পতেঙ্গা এলাকায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণ অত্যন্ত জরুরি। এ অঞ্চলের মানুষকে উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী এলাকায় ছুটতে হয়, যা সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি অনেক ক্ষেত্রে দুর্ভোগ বাড়ায়। তাই এলাকাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দিতে হবে। নাগরিক সুবিধা নিশ্চিত করা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং পরিকল্পিত অবকাঠামো নির্মাণের মাধ্যমে দক্ষিণ হালিশহরসহ পুরো অঞ্চলকে একটি আধুনিক ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় নেতৃবৃন্দ ও দায়িত্বশীলদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ড জামায়াতের আমীর জনাব ওসমান গনি, ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জনাব মো. শাহেদসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী তাঁদের এলাকার দীর্ঘদিনের নাগরিক সমস্যা, পানির সংকট, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার নানা সীমাবদ্ধতা তুলে ধরেন। মেয়র প্রার্থী তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং জনদুর্ভোগ নিরসনে অগ্রাধিকারভিত্তিতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং জনসাধারণের প্রত্যাশা অনুযায়ী পরিকল্পিত নগরসেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।