নিউজগার্ডেন ডেস্ক: শ্রমিকদের সুসংগঠিত করা, ন্যায্য অধিকার আদায় এবং একটি দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর ইস্টার্ন রিফাইনারি শাখার উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে আসন্ন ‘ইস্টার্ণ রিফাইনারী এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) নির্বাচন-২০২৬’-কে সামনে রেখে এই সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর কার্যকরি পরিষদ সদস্য এবং বিপিসি অয়েল সেক্টরের সভাপতি মো: আবু নাঈম সুজনের সভাপতিত্বে ও বিপিসি অয়েল সেক্টরের সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি মকবুল আহমেদ ভূঁইয়া।
প্রধান অতিথির ভাষণে এস এম লুৎফর রহমান বলেন, "শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে সুশাসন নিশ্চিত করতে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্বের বিকল্প নেই।" তিনি আসন্ন সিবিএ নির্বাচনে সকল শ্রমিক ভাইদের ঐক্যবদ্ধ হয়ে ইরিকফ মনোনীত প্যানেলকে পূর্ণ প্যানেলে ভোট দিয়ে বিজয়ী করার উদাত্ত আহ্বান জানান।
বিশেষ অতিথি মকবুল আহমেদ ভূঁইয়া শ্রমিকদের স্বার্থ রক্ষায় ফেডারেশনের চলমান কার্যক্রমের কথা উল্লেখ করেন এবং নির্বাচনী প্রস্তুতি জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সভার শেষ পর্যায়ে সভাপতি জনাব মো: আবু নাঈম সুজন উপস্থিত সকল শ্রমিক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শ্রমিক ঐক্যের সুদৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সাধারণ সভায় আরা উপস্থিত ছিলেন এডভোকেট শাহজাহান চৌধুরী, মো: জাহেদুল আলম, রফিকুল ইসলাম, মাইনুল ইসলাম, আব্দুল গোফরান ও বেলাল হোসেন প্রমূখ।