
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী মুহাম্মদ শামসুজ্জামান হেলালী বলেছেন, তাফসীর মাহফিলকে একটি সর্বজনীন মিলনমেলায় পরিণত করতে হবে। এ মাহফিলকে সফল ও সার্থক করতে দলমত-নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
আজ বাকলিয়া থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা সেক্রেটারি নুর আহমদের সঞ্চালনায় এবং থানা আমীর সুলতান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে তিনি আরও বলেন, তাফসীর মাহফিল সফল করার লক্ষ্যে আমাদের সবাইকে অর্থ ও শ্রম দিয়ে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাতে হবে। প্রশাসনসহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ মাহফিলকে অত্র অঞ্চলের মানুষের প্রাণের মাহফিলে পরিণত করতে হবে। এর মাধ্যমে দ্বীনের প্রচার এবং পবিত্র কুরআনের খেদমতকে আরও বিস্তৃত করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন থানা জামায়াতের নায়েবে আমীর আবুল মনসুর, কর্মপরিষদ সদস্য মফিজুর রহমান, মুহাম্মদ নাছির, কামাল হোসাইন ও ওয়াহিদ মুর্শেদ, ১৭ নম্বর ওয়ার্ড সেক্রেটারি ওহিদুল কাদের চৌধুরী, ১৮ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মুহাম্মদ নাছির সওদাগর, ১৯ নম্বর ওয়ার্ড সেক্রেটারি এস এম ইয়াছিনসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।









