
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন নূর পাহাড় এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলা, দোকান ভাঙচুর ও লুটপাটের শিকার তিন ক্ষুদ্র ব্যবসায়ীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ক্ষতিগ্রস্ত তিন ব্যবসায়ী আপন সহোদর ভাই। সম্প্রতি জামায়াতের পক্ষ থেকে তাঁদের প্রত্যেকের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়েছে।
জানা যায়, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় সম্প্রতি একদল চিহ্নিত দুষ্কৃতিকারী নূর পাহাড় এলাকার ওই তিন ভাইয়ের দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং দোকানের মালামাল লুট করে নিয়ে যায়। এতে তাঁরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হন এবং পরিবার-পরিজন নিয়ে চরম বিপাকে পড়েন। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনরায় ঘুরে দাঁড়ানোর সহায়তায় জামায়াতের পক্ষ থেকে এই মানবিক অনুদান প্রদান করা হয়। চকবাজার থানা জামায়াতের সমাজসেবা সম্পাদক ও ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ইলিয়াছের সৌজন্যে ও সার্বিক সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়িত হয়।
অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ইলিয়াছ, ওয়ার্ড জামায়াতের আমির মোহাম্মদ শহীদুল্লাহ, নূর পাহাড় আবাসিক এলাকার দায়িত্বশীল এস এম আরিফুল হক টিপু, সাংগঠনিক ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফিরোজ ছিদ্দিকীসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।
অনুদান প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। নিরীহ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। তাঁরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা নিজেদের পরিশ্রম ও পুঁজি দিয়ে জীবিকা নির্বাহ করেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার পরিবেশ তৈরি করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। একই সঙ্গে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান তাঁরা।









