ফটিকছড়ি প্রতিনিধি, এ. কে.এম. নাজিম উদ্দিন চৌধুরী: চট্টগ্রামের ফটিকছড়িতে ফটিকছড়ি সংলাপের সংবাদদাতা বেলাল উদ্দীনকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও প্রাথমিকভাবে পাওয়া তথ্যমতে, দুর্বৃত্তদের ধারালো ছুরির আঘাতে তাঁর পেট গুরুতরভাবে জখম হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
আহত অবস্থায় বেলাল উদ্দীন জানিয়েছেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে তাঁর ওপর এ হামলা চালানো হয়েছে বলে তিনি মনে করছেন।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তবে হামলার প্রকৃত কারণ এবং হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আসামী একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন ফটিতছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।