ফটিকছড়ি প্রতিনিধি, এ.কে.এম. নাজিম উদ্দিন চৌধুরী: চলতি আমন মৌসুমে চট্টগ্রামের ফটিকছড়ি ও উত্তর ফটিকছড়ির ২০টি ইউনিয়নে ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। মাঠে মাঠে পাকা ধানের সমারোহে কৃষকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। অনুকূল আবহাওয়া অব্যাহত থাকায় ইতোমধ্যে অনেক কৃষক ধান কাটা শুরু করেছেন।
স্থানীয় কয়েকজন কৃষক জানান, চলতি মৌসুমে এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে রয়েছে। আগামী কয়েক দিন আবহাওয়া শুষ্ক থাকলে নির্বিঘ্নে ধান কেটে ঘরে তুলতে পারবেন বলে তাঁরা আশাবাদী।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, ফটিকছড়ি ও ভূজপুর থানাধীন ২০টি ইউনিয়নে ৫ হাজার ৯৩৫ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে কৃষকদের আগ্রহ ও উদ্যোগে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ধান আবাদ হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তবে ভালো ফলন হলেও ন্যায্যমূল্য পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কৃষকেরা। তাঁদের অভিযোগ, একশ্রেণির ধান ব্যবসায়ীর সিন্ডিকেটের কারণে প্রকৃত কৃষকেরা উৎপাদিত ধানের ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। ধান কাটার শ্রমিকদের মজুরি ও অন্যান্য খরচ মেটাতে অনেক কৃষক আগাম কম দামে ধান বিক্রি করতে বাধ্য হন।
কৃষকদের মতে, ধান ব্যবসায়ীদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ, ন্যায্যমূল্য নিশ্চিত এবং সরকারি উদ্যোগে ধান সংগ্রহ কার্যক্রম জোরদার করা গেলে ফটিকছড়ির কৃষকেরা আরও বেশি লাভবান হবেন। পাশাপাশি স্থানীয় চাহিদা পূরণের পর দেশের অন্যান্য অঞ্চলেও চাল সরবরাহের সুযোগ তৈরি হবে।