সাউদার্ন ইউনিভার্সিটিতে এনআরবি ব্যাংকের বাংলা কিউআর উদ্বোধন

নিউজগর্ডেন ডেস্ক: ক্যাশলেস লেনদেনে জনগণকে উৎসাহিত করা এবং বাংলা কিউআর পেমেন্ট সম্পর্কে সচেতনতা বাড়াতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের যৌথ উদ্যোগে সাউদার্ন ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর ২০২৬’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। সম্প্রতি সাউদার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে ‘এক দেশ, এক কিউআর; লেনদেনে বাংলা কিউআর’ শীর্ষক প্রতিপাদ্যে এ আয়োজনের উদ্বোধন করা হয়। উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মাহবুবুল আলম, বিশেষ অতিথি ছিলেন এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রিয়াজ খান। এছাড়া আরো উপস্থিত ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, এনআরবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাদ্দাত এবং চট্টগ্রাম অঞ্চলের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

র‌্যালি ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আমন্ত্রিত অতিথিরা। পরে বাংলা কিউআর উদ্বোধন, আইটি ল্যাব পরিদর্শন ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক মাহবুবুল আলম বলেন, ‘ক্যাশলেস বাংলাদেশ গড়ে তুলতে গত ১ জুলাই থেকে সর্বত্র বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। বর্তমানে যেকোনো ব্যাংকের বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআরের মাধ্যমে অর্থ পরিশোধ করা যাচ্ছে।’

এনআরবি ব্যাংকের পরিচালক তারেক রিয়াজ খান বলেন, দেশের বিভিন্ন শাখা ও উপশাখার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা বাড়াতে এনআরবি ব্যাংক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। বাংলা কিউআর চালুর ফলে লেনদেন আরো সহজ, স্বচ্ছ ও নিরাপদ হয়েছে। ‘ক্যাশলেস ইকোসিস্টেম শুধু পেমেন্ট ব্যবস্থার আধুনিকায়ন নয়, এটি আর্থিক অন্তর্ভুক্তি, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করারও একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাউদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান। সমাপণী বক্তব্যে সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান।

মন্তব্য করুন