
আগ্রাবাদের ‘বালুর মাঠে’ অবৈধ স্থাপনা উচ্ছেদ, স্বস্তি ফিরেছে আবাসিক এলাকায়
নিউজগার্ডেন ডেস্ক: নিজের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। তাঁর নির্দেশনায় নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ‘বালুর মাঠ’ হিসেবে পরিচিত ১ দশমিক ৭৩ একর আয়তনের একটি অ্যাপার্টমেন্ট প্লটে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চউক। রবিবার (১৫ নভেম্বর) পরিচালিত এ অভিযানে প্লটটির প্রায় এক একর জায়গাজুড়ে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা পে-লোডারের সাহায্যে গুঁড়িয়ে দেওয়া হয়। দীর্ঘদিনের অবৈধ দখল ও মাদক সংশ্লিষ্ট সমস্যার অবসানে অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দারা করতালি দিয়ে চউক চেয়ারম্যান ও অভিযান পরিচালনাকারী দলকে স্বাগত জানান।
চউক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্লটটির প্রায় এক একর জায়গা অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে ছিল। সেখানে বিভিন্ন অবৈধ স্থাপনার পাশাপাশি মাদকের আখড়া গড়ে ওঠার অভিযোগ ছিল। এ নিয়ে এলাকার বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছিল।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৭ নভেম্বর চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা পরিদর্শন করেন। এ সময় বাসিন্দারা ‘বালুর মাঠ’ হিসেবে পরিচিত ১ দশমিক ৭৩ একরের ওই অ্যাপার্টমেন্ট প্লটে অবৈধ দখল ও মাদকের আখড়া গড়ে ওঠার বিষয়টি তাঁর নজরে আনেন। পরিদর্শনকালে চেয়ারম্যান অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে তিন দিনের সময়সীমা বেঁধে দেন। একই সঙ্গে অনিয়ম ও অবৈধ দখলের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন।
চেয়ারম্যানের সেই ঘোষণার ধারাবাহিকতায় রবিবার চউকের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চউকের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন। এ সময় উপস্থিত ছিলেন চউকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ইমারত নির্মাণ কমিটি-২-এর চেয়ারম্যান মোহাং মনজুর হাসান এবং অথোরাইজড অফিসার-২ তানজিব হোসেন।
অভিযান চলাকালে পে-লোডার দিয়ে প্লটটিতে অবৈধভাবে গড়ে ওঠা গ্যারেজ হিসেবে ব্যবহৃত বেশ কয়েকটি শেড, ‘রয়ালস অটো কেয়ার’ নামের একটি গ্যারেজ, ‘ফার্ম ভিলে সুইটস অ্যান্ড বেকারস’, ‘এমিগো স্পোর্টস সেন্টার’ (টার্ফ ও ক্লাব), ‘নিউ রাহি ফার্নিচার মার্ট’, ‘চৌধুরী সুপার শপ’সহ ৮ থেকে ১০টি টং দোকান উচ্ছেদ করা হয়।
তবে মানবিক বিবেচনায় ‘এমিগো স্পোর্টস সেন্টারের’ জেনারেটর রুমের সরঞ্জাম এবং ‘চৌধুরী সুপার শপের’ মালামাল সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের দুই দিন সময় দিয়েছে কর্তৃপক্ষ।
অভিযান প্রসঙ্গে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, ‘নগরবাসীর প্রতি আমার অনুরোধ, কেউ যেন অবৈধ স্থাপনা কিংবা সরকারি জায়গায় অননুমোদিত কোনো নির্মাণকাজ না করেন। পাশাপাশি কোনো স্থাপনা বা জায়গা ভাড়া নেওয়ার চুক্তি করার আগে অবশ্যই জমির মালিকানা স্বত্ব ভালোভাবে যাচাই করে নেবেন।’
চউক চেয়ারম্যানের দ্রুত ও কঠোর পদক্ষেপে দীর্ঘদিনের অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং কথিত মাদকের আখড়ার বিরুদ্ধে অভিযান পরিচালিত হওয়ায় আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসীর প্রত্যাশা, উচ্ছেদ করা জায়গাটি পুনরায় যেন অবৈধ দখল কিংবা অনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হয়ে উঠতে না পারে, সে জন্য চউক নিয়মিত নজরদারি অব্যাহত রাখবে।









