নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক দিনে পৃথক তিনটি অভিযান চালিয়ে ৯ হাজার ৯০০ পিস ইয়াবাসহ আটজনকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আব্দুল জলিল নামে এক যুবকও রয়েছেন। তাঁকে আটকের পর চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এ ছাড়া মইজ্জ্যারটেক এলাকা থেকে মহানগর পুলিশ অধ্যাদেশের ৮৮ ধারায় গ্রেপ্তার করা হয়েছে আরও তিনজনকে।
রোববার (১৫ নভেম্বর) কর্ণফুলী থানার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ।
পুলিশ জানায়, কর্ণফুলী টানেলের পূর্ব প্রান্তের টোল প্লাজা-সংলগ্ন পুলিশ চেকপোস্টে দায়িত্ব পালনকালে চারজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৯ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শিপন (৩৮), রাইসুল ইসলাম রাতুল (২১), সজিব (২৬) ও রাকিব মিয়া (২৩)। তাঁদের সবার বাড়ি ঢাকা ও বরিশালের বিভিন্ন এলাকায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কর্ণফুলী থানায় মামলা হয়েছে।
অন্যদিকে, একই দিন কর্ণফুলী থানাধীন ব্রিজঘাট এলাকা থেকে মো. আব্দুল জলিল (৩১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁকে চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তিনি চরপাথরঘাটা এলাকার সাবের আহম্মদ চেয়ারম্যানের বাড়ির বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ২০২৫ সালের ২৫ জুলাই কর্ণফুলী থানায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
তবে আব্দুল জলিল নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের নেতা বা পদধারী ছিলেন কি না, সে বিষয়ে পুলিশ কোনো তথ্য জানাতে পারেনি। অভিযোগ রয়েছে, সারারাত দর-কষাকষির পর তাঁকে সন্ত্রাসবিরোধী আইনে করা পুরোনো একটি মামলায় আদালতে পাঠানো হয়েছে।
এ ছাড়া মইজ্জ্যারটেক এলাকা থেকে মো. আকিবুল ইসলাম (১৮), মো. নুরুল কাদের (১৮) ও মো. শহিদুল আলম ফাহিম (১৮) নামে তিনজনকে আটক করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৮৮ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়। সিএমপির বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের সার্বিক নির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সোহেল রানা ও সহকারী পুলিশ কমিশনার নাফিস ইনসানের তত্ত্বাবধানে পৃথক পুলিশ দল অভিযানে অংশ নেয়।