নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের রাউজানে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ী সাইফুদ্দিন মুরাদকে ছুরিকাঘাতে গুরুতর জখমের ঘটনায় অভিযুক্ত সাব্বির হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেল ২টা ২০ মিনিটে রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের মন্ডলের ঘাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (১৬ নভেম্বর) রাত ১২টা ২৫ মিনিটে নোয়াপাড়া ইউনিয়নের পটিয়াপাড়ায় তার বসতবাড়িতে অভিযান চালিয়ে আরও অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সাব্বিরকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। গত ১৪ নভেম্বর সন্ধ্যা সোয়া ৭টার দিকে নোয়াপাড়া আমিন মার্কেটের মা স্টোরে ব্যবসায়ী সাইফুদ্দিন মুরাদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় সাব্বির।
গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি, একটি দেশীয় রিভলবার ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। পরবর্তী অভিযানে আরও একটি এলজি, পাঁচটি কার্তুজ, দুটি চাপাতি, চারটি বড় ছোরা, দুটি ছোট ছোরা ও দুটি টিপ চাকু উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া টিপ চাকুর একটিই মুরাদকে ছুরিকাঘাতে ব্যবহার করা হয়েছিল।
এ ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। গ্রেফতার সাব্বিরের বিরুদ্ধে চাঁদাবাজি, অগ্নিসংযোগ, মাদক ও বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে ছয়টি মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।