খাল খননের মাটির সুষ্ঠু ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও জরাজীর্ণ বিদ্যালয় ভবন সংস্কারে নির্দেশনা
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে এবং যথাযথ মান বজায় রেখে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। একই সঙ্গে সরকারি অর্থের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করে উন্নয়ন কার্যক্রমের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।
সভায় খাল খনন প্রকল্প থেকে উত্তোলিত মাটির যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। উত্তোলিত মাটি ইটভাটায় ব্যবহার এবং সড়কের ঢাল সংরক্ষণে কাজে লাগানোর বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। এ ছাড়া আসন্ন ফ্লাওয়ার ফেস্টিভ্যালকে সামনে রেখে ক্লাস্টারভিত্তিক বৃক্ষরোপণ ও বনায়ন কর্মসূচি জোরদার এবং জরাজীর্ণ বিদ্যালয় ভবনগুলো দ্রুত সংস্কারের নির্দেশনা দেওয়া হয়।
সভায় সব ইউনিয়নে শতভাগ স্বচ্ছতার সঙ্গে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম বাস্তবায়ন, এতিম শিশুদের সহায়তা এবং সামাজিক নিরাপত্তাবেষ্টনীর কর্মসূচিগুলো আরও গতিশীল করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারি-বেসরকারি ভবনে টেকসই সোলার প্যানেল স্থাপন এবং এ বিষয়ে সরকারি প্রণোদনা সম্পর্কে ব্যাপক প্রচারের ওপর গুরুত্বারোপ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) প্রণয় চাকমা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভাপতির সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, প্রতিটি উন্নয়ন প্রকল্পের যথাযথ বাস্তবায়ন, সরকারি অর্থের সর্বোচ্চ সদ্ব্যবহার এবং জনজীবনে উন্নয়নের দৃশ্যমান ইতিবাচক প্রভাব নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সুদূরপ্রসারী পরিকল্পনা, রাষ্ট্রের প্রতি আন্তরিকতা, দেশপ্রেম এবং সর্বোচ্চ মেধা ও নিষ্ঠার সঙ্গে প্রত্যেককে দায়িত্ব পালন করতে হবে। জনগণের প্রতি প্রশাসনের দায়বদ্ধতা যেন কোনোভাবেই অপূর্ণ না থাকে, সে বিষয়ে সবাইকে সচেষ্ট থাকতে হবে।
পরিশেষে তিনি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তরের আন্তরিক সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।