গীতাপাঠ, ধর্মীয় আলোচনা, যজ্ঞ ও নানা আয়োজনে মুখরিত মঠ প্রাঙ্গণ
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।
যোগাচার্য ব্রহ্মবিদ পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজের ১৫৫তম, যোগাচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৮তম আবির্ভাব উপলক্ষে, অখণ্ড গীতাপাঠের ৪৬তম আসর, শ্রীশ্রীবিশ্বনাথ মন্দিরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুদ্রাভিষেক উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) মঠ প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। বিকেল ৪টায় জাতীয় ও গৈরিক পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন এবং যুগল পায়রা অবমুক্তির মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শঙ্কর মঠের অধ্যক্ষ ও কেন্দ্রীয় উৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।
এ সময় উপস্থিত ছিলেন মঠের সাধারণ সম্পাদক অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য, মঠের ট্রাস্টি শ্রীমৎ জগদীশ্বরানন্দ ব্রহ্মচারী, কর্মকর্তা সমীর পাল, রঞ্জিত মল্লিক, মাস্টার অজিত কুমার শীল, অধ্যাপক অঞ্জন দাশ, বাসুদেব দাশসহ মঠের সাধু-সন্ত ও ভক্তবৃন্দ।
আয়োজকরা জানান, আগামী ২২ নভেম্বর রোববার রাতে সপ্তাহব্যাপী এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। এ ছাড়া আগামী ২৭ নভেম্বর শুক্রবার পরমহংস শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের ৭০তম শুভ আবির্ভাব দিবস উদযাপন করা হবে।
সপ্তাহব্যাপী এ আয়োজনের মধ্যে রয়েছে অখণ্ড গীতাপাঠ, শ্রীশ্রীবিশ্বশান্তি গীতাযজ্ঞ, মঙ্গলারতি, গুরু বন্দনা, হরিওঁ কীর্তন, শ্রীশ্রীচণ্ডীপাঠ, শ্রীমদ্ভগবদ্গীতা প্রতিযোগিতা, স্বাস্থ্যসেবা কর্মসূচি, অখণ্ড প্রদীপ প্রজ্বালন, বস্ত্র বিতরণ এবং মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান।
এ ছাড়া কবিগান, পাল্টা কীর্তন, মাতৃ সম্মেলন, সনাতন ধর্ম মহাসম্মেলন এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। প্রতিদিন দুপুর ও রাতে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, আধ্যাত্মিক চেতনা ও মানবকল্যাণের বার্তা নিয়ে আয়োজিত এ সপ্তাহব্যাপী অনুষ্ঠানকে ঘিরে মঠ প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের মিলনমেলা বসেছে।