আহ্বায়ক অ্যাডভোকেট আজমল হক, সদস্য-সচিব মাওলানা জহুরুল আনোয়ার
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চট্টগ্রাম জেলা শাখার সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে চট্টগ্রাম জেলা শাখার প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় নীতিনির্ধারকদের এক মতবিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়।
সংস্থার জাতীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ তারিক হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক। এতে উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র লিগ্যাল অফিসার অ্যাডভোকেট সালমা সুলতানা শিখা ও সহকারী সমন্বয়কারী সাইফুল আলম চৌধুরী।
সভায় বক্তব্য দেন সংস্থার চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি ও রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখার সভাপতি, ইসলামী সাহিত্যিক ও মানবাধিকার গবেষক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার।
তিনি বলেন, একটি সংগঠনের শৃঙ্খলা, সম্প্রসারণ, সমৃদ্ধি, ঐতিহ্য ও ভাবমর্যাদা সমুন্নত রাখতে গঠনতন্ত্র অনুসরণ অপরিহার্য। সম্প্রতি চট্টগ্রামে সংস্থার জেলা ও মহানগর কমিটি পুনর্গঠনের ক্ষেত্রে গঠনতন্ত্র যথাযথভাবে অনুসরণ না হওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতির দ্রুত অবসান এবং সাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় কর্তৃপক্ষের উদ্যোগকে তিনি স্বাগত জানান।
এ সময় সংস্থার চট্টগ্রাম জেলা শাখার নির্বাহী সদস্য ও বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম সাংগঠনিক পরিস্থিতি ও উদ্ভূত সমস্যা নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন। মতবিনিময় সভায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও পৌরসভা শাখার প্রতিনিধিরা অংশ নেন।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ তারিক হায়দার বলেন, সংশোধিত গঠনতন্ত্রের আলোকে আগামী দুই মাসের মধ্যে চট্টগ্রামের সব উপজেলা ও পৌরসভা শাখা পুনর্গঠন করতে হবে। পুনর্গঠিত শাখাগুলোর কমিটি জেলা শাখার সুপারিশের মাধ্যমে কেন্দ্রীয় কার্যালয়ের অনুমোদন নিতে হবে। পরবর্তী সময়ে উপজেলা ও পৌরসভা শাখাগুলোর কাউন্সিলরদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে।
সভায় মেয়াদোত্তীর্ণ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আজমল হককে আহ্বায়ক এবং রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ারকে সদস্য-সচিব করে সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন—বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, রাউজান উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক, সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রৌশন আরা বেগম, ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি সাংবাদিক সৈয়দ জাহেদ উল্লাহ কুরাইশী এবং রাউজান পৌরসভা শাখার সভাপতি ডা. মোহাম্মদ ওমর ফারুক।
নবগঠিত আহ্বায়ক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে উপজেলা ও পৌরসভা শাখাগুলোর সাংগঠনিক কার্যক্রম পুনর্গঠন এবং পরবর্তী পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করবে।