কোটি টাকার লেনদেনে সুপার পেট্রোকেমিক্যালকে বৈধতা দেওয়ার চেষ্টা!

মন্ত্রণালয়ের নাকচ করা চিঠির তথ্য গায়েব, গভীর রাতে বিপিসিতে রুদ্ধদ্বার বৈঠক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সুস্পষ্ট নির্দেশনায় সুপার পেট্রোকেমিক্যাল লিমিটেডের (এসপিএল) রিফাইনারি স্থাপনের আবেদন আগেই নাকচ করা হয়েছিল। কিন্তু অভিযোগ উঠেছে, মন্ত্রণালয়ের সেই চূড়ান্ত সিদ্ধান্তসংবলিত চিঠির তথ্য সংশ্লিষ্ট নথি থেকে গায়েব করে প্রতিষ্ঠানটিকে নতুন করে অনুমোদন দেওয়ার তৎপরতা শুরু হয়েছে।

এ ঘটনায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও তদন্ত কমিটির সদস্যদের বিরুদ্ধে কোটি টাকার ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির পক্ষে ইতিবাচক প্রতিবেদন তৈরি করতে তদন্ত কমিটির সদস্যরা রোববার রাত ৩টা এবং সোমবার রাত ১১টা পর্যন্ত বিপিসি কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন।

অনুসন্ধানে পাওয়া নথি অনুযায়ী, সুপার পেট্রোকেমিক্যালের আবেদন নাকচ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে একটি চিঠি জারি করা হয়েছিল। চিঠির স্মারক নম্বর ২৮.০০.০০০০.০২৬.৯৯.০০৬৫.২০.৪৪৯, তারিখ ১৬ নভেম্বর ২০২৫।

সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত ওই চিঠিতে এসপিএলের ব্যবস্থাপনা পরিচালককে জানানো হয়, অপরিশোধিত জ্বালানি তেল আমদানি, প্রক্রিয়াকরণ ও বিপণনের বিষয়ে প্রতিষ্ঠানটির আবেদন বিবেচনার কোনো সুযোগ নেই।

চিঠির দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়েছে, “সুপার পেট্রোকেমিক্যাল লিমিটেড (এসপিএল)-কে… ‘বেসরকারি পর্যায়ে রিফাইনারি স্থাপন, অপরিশোধিত জ্বালানি তেল আমদানিপূর্বক মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহন ও বিপণন নীতিমালা-২০২৩’-এর আওতায় এ বিভাগ হতে কোনো প্রকার চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়নি বিধায় সূত্রস্থ আবেদনটি বিবেচনা করার সুযোগ নেই।”

মন্ত্রণালয়ের এমন স্পষ্ট সিদ্ধান্ত থাকার পরও বিপিসির বর্তমান তদন্ত কমিটির তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট খাতের একাধিক ব্যক্তির অভিযোগ, আর্থিক লেনদেনের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে অনুমোদন দেওয়ার পথ তৈরি করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে গঠিত দুটি তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত করে এসপিএলের কার্যক্রমে বিভিন্ন অনিয়ম, জালিয়াতি ও অসংগতি খুঁজে পায়। দেশের জ্বালানি নিরাপত্তা ও প্রচলিত নীতিমালার বিষয় বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানটিকে অনুমোদন না দেওয়ার সুপারিশও করেছিল ওই কমিটি দুটি।
কিন্তু আগের তদন্ত প্রতিবেদন ও সুপারিশের বিষয়গুলো পাশ কাটিয়ে গত ১০ নভেম্বর সাত সদস্যের নতুন একটি তদন্ত কমিটি গঠন করা হয়। বিপিসির অভ্যন্তরীণ একটি সূত্রের দাবি, এসপিএলকে অনুমোদন দেওয়ার পথ সুগম করতেই তড়িঘড়ি করে এ কমিটি গঠন করা হয়েছে। এ প্রক্রিয়ায় কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগও রয়েছে।
সূত্রের আরও দাবি, মন্ত্রণালয়ের আবেদন নাকচসংক্রান্ত চিঠিটি সংশ্লিষ্ট নথি থেকে সরিয়ে ফেলার পাশাপাশি আগের তদন্ত প্রতিবেদনগুলোর গুরুত্বও খর্ব করার চেষ্টা চলছে। ফলে নতুন তদন্তের নিরপেক্ষতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযোগ রয়েছে, সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারি স্থাপনের কার্যক্রম পরিচালনা এবং বিপিসির প্রয়োজনীয় অনুমোদন ছাড়া শত শত কোটি টাকার মূলধনী যন্ত্রপাতি আমদানির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও বর্তমান তদন্তে যথাযথভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে না। বরং এসব অভিযোগ এড়িয়ে প্রতিষ্ঠানটির পক্ষে ইতিবাচক প্রতিবেদন তৈরির চেষ্টা চলছে।
বিশেষ করে রোববার রাত ৩টা এবং সোমবার রাত ১১টা পর্যন্ত বিপিসির কার্যালয়ে তদন্ত কমিটির সদস্যদের অবস্থান ও রুদ্ধদ্বার বৈঠকের বিষয়টি নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সরকারি প্রতিষ্ঠানে তদন্ত কার্যক্রমের নামে গভীর রাত পর্যন্ত এমন তৎপরতার কারণ কী, তা নিয়েও সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।
জ্বালানি খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, আগের তদন্ত কমিটিগুলোর সুপারিশ, মন্ত্রণালয়ের নাকচ আদেশ এবং নতুন তদন্ত কমিটির কার্যক্রম—সবকিছুই নিরপেক্ষভাবে পর্যালোচনা করা জরুরি। অভিযোগের সত্যতা থাকলে আর্থিক লেনদেনের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়ার চেষ্টা দেশের জ্বালানি খাতের স্বচ্ছতা ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে উঠতে পারে।
তাঁরা এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ, মন্ত্রণালয়ের নথি গায়েবের অভিযোগ এবং তদন্ত কমিটির রাতের তৎপরতার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

 

মন্তব্য করুন