
নিউজগর্ডেন ডেস্ক: বেতন-ভাতা বৃদ্ধি, গ্র্যাচুইটি ও বকেয়া পাওনাসহ পাঁচ দফা দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভের পর পাঁচ ঘণ্টা বন্ধ থাকা চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালের (সিসিটি) কার্যক্রম আবারও সচল হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে আন্দোলনরত শ্রমিকেরা কাজে ফিরে গেলে জাহাজ থেকে কনটেইনার ওঠানামা শুরু হয়।
এর আগে সকাল সাড়ে ৯টা থেকে সাইফ পাওয়ারটেকের অধীনে কর্মরত শ্রমিকেরা দুই টার্মিনালের ক্রেন বন্ধ রেখে জেটিতে অবস্থান নেন। এ সময় শত শত শ্রমিক বিক্ষোভে অংশ নেন। তাঁদের সঙ্গে যোগ দেন জেনারেল কার্গো বার্থের (জিসিবি) শ্রমিকেরাও। ফলে বন্দরের গুরুত্বপূর্ণ দুই টার্মিনালে কনটেইনার ওঠানামা বন্ধ হয়ে যায়। এতে আমদানি-রপ্তানি পণ্য ওঠানামা ও পরিবহন কার্যক্রম ব্যাহত হয়। বন্দর থেকে পণ্য সরবরাহও বন্ধ থাকে।
পরিস্থিতি সামাল দিতে আন্দোলনরত শ্রমিকদের সাত সদস্যের একটি প্রতিনিধিদলকে বন্দর ভবনে ডেকে বৈঠক করেন বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম মোহাম্মদ সারোয়ারুল ইসলাম। বৈঠক শেষে আন্দোলন সাময়িকভাবে স্থগিত রেখে কাজে ফেরার সিদ্ধান্ত নেন শ্রমিকেরা। এরপর দুপুর ২টার দিকে ক্রেন অপারেটররা কাজে যোগ দিলে টার্মিনাল দুটিতে কনটেইনার ওঠানামা স্বাভাবিক হতে শুরু করে।
বৈঠকে অংশ নেওয়া ক্রেন অপারেটর মামুন খান শ্রমিকদের কাজে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। বন্দর কর্তৃপক্ষও শ্রমিকদের কাজে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে কী সমঝোতার ভিত্তিতে শ্রমিকেরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
আন্দোলনকারী শ্রমিকদের একাংশের দাবি, চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী বছরের শুরুতে প্রতিষ্ঠানটি দায়িত্ব বুঝে নিতে পারে। এতে এনসিটিতে কর্মরত শ্রমিকদের চাকরির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি সিসিটিও বিদেশি অপারেটরের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে। ফলে দুই টার্মিনালের শ্রমিকদের মধ্যে কর্মসংস্থান ও চাকরির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার ওঠানামার প্রায় ৬২ শতাংশ হয় এনসিটি ও সিসিটির মাধ্যমে। এর মধ্যে এনসিটিতে প্রায় ৪৫ শতাংশ এবং সিসিটিতে প্রায় ১৬ শতাংশ কনটেইনার ওঠানামা হয়। ফলে এই দুই টার্মিনালে কর্মবিরতির কারণে বন্দরের সামগ্রিক কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়ে।
জানা গেছে, এনসিটি পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্য সরকারের সঙ্গে কনসেশন চুক্তি হয়েছে। দরপত্র ছাড়াই সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে এ চুক্তি সম্পন্ন হয়েছে। কয়েক মাসের মধ্যে ডিপি ওয়ার্ল্ডের কাছে টার্মিনালটির দায়িত্ব হস্তান্তরের কথা রয়েছে। এর আগ পর্যন্ত চিটাগাং ড্রাইডকের মাধ্যমে টার্মিনালটি পরিচালনা করছে বন্দর কর্তৃপক্ষ।
অন্যদিকে সিসিটি পরিচালনার দায়িত্ব সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালকে দেওয়ার প্রস্তাব নিয়ে এগোচ্ছে সরকার। এতদিন টার্মিনালটি পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ারটেক লিমিটেড। নভেম্বরের প্রথম সপ্তাহে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর সিসিটি চিটাগাং ড্রাইডকের মাধ্যমে পরিচালনার প্রক্রিয়া চূড়ান্ত করছে সরকার।
এমন পরিস্থিতিতে চাকরির নিরাপত্তা ও আর্থিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে শ্রমিকদের এই কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ দুটি টার্মিনালের কার্যক্রম অচল হয়ে পড়ে। পরে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর শ্রমিকেরা কাজে ফিরলে পাঁচ ঘণ্টার অচলাবস্থার অবসান ঘটে।








