নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনায় বিশেষ নজরদারি ও নিরাপত্তা টহল জোরদার করেছে জেলা প্রশাসন।
সোমবার (১৬ নভেম্বর) রাতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় নগরের বিভিন্ন এলাকায় এ বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নগরের গুরুত্বপূর্ণ স্থাপনা, জনবহুল এলাকা ও সংবেদনশীল স্থানগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি দায়িত্বে নিয়োজিত নিরাপত্তাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। টহল ও তদারকির সময় সংশ্লিষ্ট এলাকাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে পাওয়া গেছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অসংগতি পরিলক্ষিত হয়নি।
নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরার নেতৃত্বে কোর্ট বিল্ডিং, সার্কিট হাউস ও ডিসি হিলসহ নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় টহল দেওয়া হয়। এ সময় এসব স্থাপনার নিরাপত্তায় নিয়োজিত কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
অন্যদিকে, আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশের নেতৃত্বে সদরঘাট, দেওয়ানহাট, ডাবলমুরিং ও বন্দর থানা এলাকার নিরাপত্তা পরিস্থিতি তদারকি করা হয়।
পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদ ইশরাকের নেতৃত্বে পতেঙ্গা, ইপিজেড ও বন্দর থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানে বিশেষ নজরদারি চালানো হয়।
এ ছাড়া চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেনের নেতৃত্বে পাঁচলাইশ এলাকার ফ্লাইওভার, মুরাদপুর, বহদ্দারহাট এবং চান্দগাঁও থানার কালুরঘাট বিসিক শিল্পনগরী এলাকায় নিরাপত্তা টহল পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, নগরবাসীর জানমাল রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নগরের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের বিশেষ টহল, নজরদারি ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।