
নিউজগর্ডেন ডেস্ক: নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা এবং এ লক্ষ্যে ‘জানবাজি রেখে মাঠে নামার’ বার্তা দেওয়ার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মো. জাহাংগীর আলমকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
গত রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে জাহাংগীর আলমের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, গত ১৪ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা অনুযায়ী, ১৪ নভেম্বর থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।








