সন্ত্রাসের পথ ধরে রাজনীতিতে ফেরার সুযোগ নেই: নাজিমুর রহমান

নিউজগার্ডেন ডেস্ক: ব্যবসায়িক রাজধানী চট্টগ্রামের প্রাণকেন্দ্র খাতুনগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলমের ব্যবসাপ্রতিষ্ঠান ইলিয়াস ব্রাদার্সে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সংঘটিত এ হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে খাতুনগঞ্জ এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বকশীর হাট ওয়ার্ড বিএনপি। সমাবেশ থেকে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও সন্ত্রাসের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

সমাবেশে প্রধান বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, ফ্যাসিস্টের দোসররা আবারও হামলা-ভাঙচুরের পথ বেছে নিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতাকর্মীদের ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা তাদের অতীতের সহিংস রাজনীতিরই পুনরাবৃত্তি। ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং শিল্পাঞ্চল ও তৈরি পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার মাধ্যমে তারা দেশের অর্থনৈতিক পরিবেশকে বিপর্যস্ত করতে চায়। অতীতে এমন কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা নিজেদের রাজনৈতিক পরিচয়ের যে পুনরাবৃত্তি ঘটিয়েছে, আজও তার ব্যতিক্রম ঘটেনি। ব্যবসায়ী, শ্রমিক, উদ্যোক্তা ও সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে কোনো রাজনৈতিক লক্ষ্য অর্জন করা যাবে না। এসব ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। শুধু হামলাকারীদের নয়, যারা নেপথ্যে থেকে পরিকল্পনা করছে, মদদ দিচ্ছে এবং অর্থের জোগান দিচ্ছে, তাদেরও বিচারের মুখোমুখি করতে হবে।

তিনি আরও বলেন, যারা মনে করছে সন্ত্রাসী কর্মকাণ্ড, জ্বালাও-পোড়াও, জানমালের ক্ষয়ক্ষতি এবং জনমনে ভীতি সৃষ্টি করে আবারও রাজনীতিতে ফিরে আসার পরিবেশ তৈরি করবে, তারা বোকার স্বর্গে বাস করছে। জনগণকে সঙ্গে নিয়ে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে; কাউকে ছাড় দেওয়া হবে না। তাঁর অভিযোগ, দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থাকাকালে জনগণের অর্থ আত্মসাৎ করে সেই অর্থের একটি অংশ দিয়ে এখন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। এসব অপতৎপরতার পেছনে যারা মদদ জোগাচ্ছে, তাদেরও সতর্ক করে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের পরিণতি ভয়াবহ হবে। যারা হামলা ও নৈরাজ্যের মাধ্যমে রাজনীতিতে পুনঃপ্রবেশের স্বপ্ন দেখছে, তারা অনেক আগেই জনগণের কাছে নিজেদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা হারিয়েছে। এ দেশের মানুষ আর সন্ত্রাস ও নৈরাজ্যের রাজনীতি মেনে নেবে না।

সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা এবং ইলিয়াস ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক সোহেব রিয়াদ।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ কে খান, সাবেক সহসাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী আশু, বিএনপি নেতা আকতার খান, ইয়াকুব খান বাবু,আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছৈয়দ আবুল বশর, সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাজী নুরুল আকতার সওদাগর, মহানগর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এ কে এম পেয়ারু ও সালাউদ্দিন কায়ছার লাভু, সাবেক সহছাত্রবিষয়ক সম্পাদক ইউনুস চৌধুরী হাকিম, সদস্য আলহাজ্ব জসিমউদ্দীন মিন্টু, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এস এম মফিজ উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু, ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী নবাব খান, আহ্বায়ক এ টি এম ফরিদ ও সদস্য সচিব ইয়াকুব চৌধুরী নাজিম, ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ড বিএনপির সদস্য সচিব সালাউদ্দিন, ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির সদস্য মো. সাব্বির, ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো. আজগর এবং বক্সিরহাট ওয়ার্ড বিএনপি নেতা সাইফুল ইসলাম সেলিম, শাহাজাহান সর্দার, রফিকুল আলম, নুরুল আলম মজনু, এম এ হাসেম ও বেলাল উদ্দিন চৌধুরী।

মন্তব্য করুন