তুরস্কের কোনিয়ার সঙ্গে চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের যৌথ উদ্যোগের সম্ভাবনা

খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষি ও পর্যটন খাতে সহযোগিতার প্রস্তাব

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে তুরস্কের কোনিয়া অঙ্গরাজ্যের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়েছে। এ লক্ষ্যে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিডব্লিউসিসিআই) প্রেসিডেন্ট আবিদা মোস্তফার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের কোনিয়ার বাংলাদেশি অনারারি কনসাল দেনিজ বুলকুর।

গত ১৬ নভেম্বর ২০২৬, বিকেল ৪টায় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে চেম্বার প্রেসিডেন্ট আবিদা মোস্তফা অনারারি কনসালকে স্বাগত জানিয়ে বলেন, দুই দেশের নারী উদ্যোক্তাদের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও ব্যবসায়িক সম্ভাবনা সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।

এ সময় দেনিজ বুলকুর চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের সঙ্গে কোনিয়ার যৌথ উদ্যোগে বিভিন্ন কার্যক্রম পরিচালনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষি ও পর্যটনসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে দুই পক্ষ যৌথভাবে কাজ করতে পারে। পাশাপাশি চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন বিষয়ে উন্নত প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে সহযোগিতার আগ্রহও প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে চিটাগাং উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট আবিদা মোস্তফা ফুল ও ক্রেস্ট দিয়ে অতিথিকে বরণ করে নেন। পরে চেম্বারের পরিচালক নুজহাত নুয়েরি কৃষ্টি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগের নানা দিক তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ, ভাইস প্রেসিডেন্ট শামীম মোর্শেদ ও নিশাত ইমরান এবং পরিচালক রোকসানা আক্তার চৌধুরী (রুহি মোস্তফা) ও চৌধুরী জুবাইরা সাকী।

সৌজন্য সাক্ষাৎ শেষে দেনিজ বুলকুর চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এবং এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘বিজনেস প্ল্যান প্রিপারেশন’ প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

মন্তব্য করুন