
হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের স্বনামধন্য ব্যবসাপ্রতিষ্ঠান ইলিয়াস ব্রাদার্সের প্রধান কার্যালয়ে হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিএনপি নেতা সৈয়দ মোস্তফা আলম মাসুম।
এক বিবৃতিতে তিনি বলেন, ইলিয়াস ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মো. সামশুল আলম একজন সজ্জন ও সম্মানিত ব্যক্তি। আওয়ামী লীগ সরকারের শাসনামলে তাঁর ওপর নির্যাতনের বহু প্রমাণ রয়েছে। এমন একজন ব্যক্তির প্রতিষ্ঠানে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়।
সৈয়দ মোস্তফা আলম মাসুম অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রশাসনকে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
বিবৃতিতে তিনি আরও বলেন, এ ঘটনায় দায়ের করা মামলা মোকাবিলাসহ প্রয়োজনীয় দলীয় পদক্ষেপ গ্রহণে চট্টগ্রাম বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। অন্যায় ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সম্মিলিতভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
সৈয়দ মোস্তফা আলম মাসুম জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরামের জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাধারণ সম্পাদক।








