ক্ষতিগ্রস্ত উপকূলবাসীর ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি
বাংলাদেশে জীবাশ্ম জ্বালানি প্রকল্পে অর্থায়ন বন্ধের আহ্বান
কক্সবাজার প্রতিনিধি: মাতারবাড়ী ১২০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কারণে সৃষ্ট পরিবেশ বিপর্যয়, অর্থনৈতিক ক্ষতি ও উপকূলীয় মানুষের জীবিকা ধ্বংসের দায় জাপান সরকার ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-কে নিতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত লবণ চাষি, জেলে এবং ভূমিহীন পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ ও টেকসই পুনর্বাসনের দাবি জানিয়েছেন পরিবেশবাদী ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা।
সোমবার (১৭ নভেম্বর) কক্সবাজারে আয়োজিত এক প্রচারণা কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়। সংশপ্তক, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের (বিডব্লিউজিইডি) যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, তুরস্কের আন্টালিয়ায় চলমান জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১) যখন জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা ও জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিচ্ছে, তখন বাংলাদেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে জাপানের অর্থায়ন দ্বিমুখী নীতির পরিচয় বহন করছে। আন্তর্জাতিক অঙ্গনে জাপান সবুজ জ্বালানি রূপান্তরের কথা বললেও বৈদেশিক উন্নয়ন সহায়তার (ওডিএ) ঋণের মাধ্যমে বাংলাদেশকে ব্যয়বহুল জীবাশ্ম জ্বালানিনির্ভরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
বক্তারা জানান, প্রায় ৫৬ হাজার ৬৯৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে জাইকার ঋণের পরিমাণ প্রায় ৪৭ হাজার ৯৪৫ কোটি টাকা। এ প্রকল্প মহেশখালীর উপকূলীয় পরিবেশ, প্রতিবেশ ও স্থানীয় অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। প্রকল্পের জন্য হাজার হাজার একর উর্বর লবণ মাঠ ও চিংড়ি ঘের অধিগ্রহণ করা হলেও ভূমিহীন লবণ চাষি, বর্গাচাষি ও প্রান্তিক জেলেরা যথাযথ ক্ষতিপূরণ এবং বিকল্প কর্মসংস্থান থেকে বঞ্চিত হয়েছেন।
তাদের অভিযোগ, বিদ্যুৎকেন্দ্রের বিষাক্ত বর্জ্য ও উত্তপ্ত পানি বঙ্গোপসাগরে মিশে সামুদ্রিক পরিবেশের ক্ষতি করছে। এতে মাছের প্রজনন ও মজুত হুমকির মুখে পড়েছে। জীবিকার তাগিদে স্থানীয় জেলেদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে হচ্ছে। ফলে বাড়ছে জীবনের ঝুঁকি ও ঋণের বোঝা।
এ ছাড়া কয়লার উড়ন্ত ছাই, পারদ ও সালফার ডাই-অক্সাইড নিঃসরণের কারণে আশপাশের লাখ লাখ মানুষের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে বলে দাবি করেন বক্তারা। একই সঙ্গে কোহেলিয়া নদী ও পার্শ্ববর্তী ম্যানগ্রোভ বনাঞ্চলের জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়েছে।
কর্মসূচিতে বক্তারা বলেন, এসব ক্ষতির দায় জাইকা, জাপান সরকার এবং প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (সিপিজিসিবিএল) ওপর বর্তায়। তাদের দাবি, প্রকল্পটি জাইকার নিজস্ব পরিবেশগত ও সামাজিক সুরক্ষানীতির সঙ্গে সাংঘর্ষিক। ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও তা যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি। অন্যদিকে কারিগরি ত্রুটি ও উচ্চ উৎপাদন ব্যয়ের কারণে প্রকল্পটি দেশের অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
বক্তারা অবিলম্বে ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত লবণ চাষি, জেলে এবং ভূমিহীন পরিবারগুলোকে ন্যায্য ক্ষতিপূরণ ও টেকসই পুনর্বাসনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রের ছাই ব্যবস্থাপনা এবং সমুদ্রে বর্জ্য নিষ্কাশন প্রক্রিয়ার ওপর স্বাধীন ও স্বচ্ছ পরিবেশগত নিরীক্ষা পরিচালনার আহ্বান জানান।
কপ-৩১ সম্মেলনের অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে কয়লা, এলএনজি ও অন্যান্য জীবাশ্ম জ্বালানি অবকাঠামোতে সরকারি-বেসরকারি সব ধরনের অর্থায়ন বন্ধের জন্য জাপানের প্রতি আহ্বান জানান আয়োজকেরা। তাদের মতে, জীবাশ্ম জ্বালানিনির্ভর প্রকল্পে ঋণ দেওয়ার পরিবর্তে বিকেন্দ্রীভূত সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদনে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন বাড়াতে হবে।
তারা আরও বলেন, জ্বালানি রূপান্তর হতে হবে জনকেন্দ্রিক, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক। উপকূলীয় প্রান্তিক জনগোষ্ঠীকে দূষণ ও পরিবেশগত বিপর্যয় থেকে রক্ষা করার পাশাপাশি সাশ্রয়ী ও পরিচ্ছন্ন নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হবে।
কর্মসূচির সমাপ্তিতে বাংলাদেশ সরকার ও কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণকারী আন্তর্জাতিক নীতিনির্ধারকদের প্রতি জীবাশ্ম জ্বালানিতে অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে মাতারবাড়ীর ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কয়লানির্ভরতা থেকে বেরিয়ে আসা এবং বাংলাদেশকে শতভাগ নবায়নযোগ্য জ্বালানির পথে এগিয়ে নিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।