নিউজগার্ডেন ডেস্ক: তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধার বিকাশ, বিজ্ঞানমনস্ক চিন্তার প্রসার এবং প্রযুক্তিনির্ভর স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর চট্টগ্রাম বিভাগীয় পর্ব সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ক্যাম্পাসে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ প্রতিযোগিতার প্রকল্প প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠিত হয়। এতে ১০টি ভিন্ন ক্ষেত্রে মোট ৪৮টি বিজ্ঞান প্রকল্প প্রদর্শিত হয়। এর মধ্য থেকে ১৩টি প্রকল্প ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়েছে।
বিকেলে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি বলেন, ‘আজকের প্রকল্পগুলো দেখে আমরা অভিভূত। আজকের ক্ষুদে বিজ্ঞানীরাই হবে আগামীর বাংলাদেশের নির্মাতা। বিজ্ঞানের প্রতিটি শাখায় আমাদের দক্ষতা অর্জন করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সেই লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে।’
তিনি আরও বলেন, করোনাকালীন সময় থেকে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) নীরবে-নিভৃতে মানবকল্যাণে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, সরকার স্কুল পর্যায়ে একটি সফল বিজ্ঞান মেলা আয়োজনের পর ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছে। আমরা চাই বিজ্ঞানমনস্ক একটি ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠুক। এ লক্ষ্য অর্জনে সরকার প্রয়োজনীয় আর্থিক প্রণোদনা প্রদানে বদ্ধপরিকর।
চট্টগ্রাম বিভাগীয় পর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), সিভাসু, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি), প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়সহ মোট নয়টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবিত বিজ্ঞান প্রকল্প প্রদর্শিত হয়।
প্রদর্শিত ৪৮টি প্রকল্পের মধ্যে ১৩টি জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়েছে। নির্বাচিত প্রকল্পগুলোর মধ্যে সিভাসুর পাঁচটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারটি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি, ইউএসটিসির একটি এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের একটি প্রকল্প রয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক (পরিকল্পনা) সৈয়দা তাজনীন ওয়ারিশ, সিভাসুর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান, চুয়েটের উপাচার্য প্রফেসর ড. শেখ শরীফুল আলম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ গোলাম রব্বানী, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. ওমর ফারুক ইউসুফ।
এছাড়া উপস্থিত ছিলেন বিজ্ঞান মেলা-২০২৬ আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল এবং চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. উমাশা উমায়ুন মনি চৌধুরী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব ডা. এস এম সারোয়ার আলম। সমাপনী পর্বে নির্বাচিত ১৩টি প্রকল্পের উপস্থাপকদের হাতে সনদ তুলে দেওয়া হয়। সনদ বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় মনিটর (কৃষি) প্রফেসর ড. মো. আহসানুল হক রোকন।