নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ নির্মাণের কারিগর। তাদের সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ, দক্ষতা ও অভিজ্ঞতার সমন্বয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। লেখাপড়ায় সফলতা অর্জন করতে হলে সাধনা, অধ্যবসায় ও নিরলস প্রচেষ্টার বিকল্প নেই। প্রত্যেক শিশুর মধ্যেই রয়েছে সম্ভাবনা। সেই সম্ভাবনাকে যথাযথভাবে মূল্যায়ন ও বিকশিত করা গেলে তারা ভবিষ্যতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হবে।
তিনি শনিবার (২১ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে শাহওয়ালী উল্লাহ আইডিয়াল মাদরাসা এন্ড গ্রামার স্কুলের সফলতার দুই যুগপূর্তি উপলক্ষে আয়োজিত সিরাত ও মিলাদুন্নবী (সা.) মাহফিল এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মাওলানা আনোয়ার হোসেন রব্বানীর পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব শায়খুল হাদিস মুসা বিন ইজহার, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগরের আমীর শায়খুল হাদিস মাওলানা জিয়াউল হোসাইন।
ডা. শাহাদাত হোসেন বলেন, শিশুদের শৈশবে যে শিক্ষা ও আদর্শের সঙ্গে পরিচিত করানো হয়, বড় হওয়ার সঙ্গে সঙ্গে তা তাদের স্বপ্ন, চিন্তাভাবনা ও ব্যক্তিত্ব গঠনে প্রভাব ফেলে। তাই শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই হবে না, তাদের নৈতিকতা, আত্মিক শুদ্ধি, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ করতে হবে। এর মাধ্যমে তারা ভবিষ্যতে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার সমাধানে দায়িত্বশীল নেতৃত্ব দিতে সক্ষম হবে। দক্ষতা অর্জনের পাশাপাশি নৈতিক ও আত্মিক উন্নয়ন নিশ্চিত করাই হওয়া উচিত শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থার সংস্কার এবং নৈতিক শিক্ষার প্রসারে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
উদ্বোধকের বক্তব্যে মুসা বিন ইজহার বলেন, ব্রিটিশ প্রবর্তিত শিক্ষাব্যবস্থা আমাদের প্রকৃত সুশিক্ষা ও নৈতিকতার নিশ্চয়তা দিতে পারেনি। তাই ইসলামী শিক্ষাব্যবস্থার প্রতি আরও মনোযোগী হতে হবে। ১৮৩৫ সালে লর্ড মেকলের শিক্ষানীতির মাধ্যমে উপমহাদেশে আধুনিক ইংরেজি শিক্ষার প্রসার ঘটে। এর উদ্দেশ্য ছিল ব্রিটিশ প্রশাসনের জন্য অনুগত কর্মচারী তৈরি করা। ফলে নৈতিকতা, আত্মিক উন্নয়ন ও চরিত্র গঠনের বিষয়গুলো যথাযথ গুরুত্ব পায়নি।
তিনি বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থায় বস্তুগত সাফল্য ও পেশাগত দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া হলেও অনেক ক্ষেত্রে নৈতিকতা, সততা ও আত্মিক উন্নয়নের বিষয়টি উপেক্ষিত থাকে। কুরআন সুন্নাহভিত্তিক শিক্ষা মানুষকে সৎ, চরিত্রবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক জ্ঞান বিজ্ঞানের পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয় ঘটাতে পারলে শিক্ষার্থীরা যুগোপযোগী দক্ষতার পাশাপাশি মানবিক ও নৈতিক মূল্যবোধেও সমৃদ্ধ হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা জিয়াউল হোসাইন বলেন, আগামী প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস, আত্মনিয়ন্ত্রণ ও আত্মসম্মানবোধ জাগ্রত করতে হবে। তাদের সংবেদনশীল, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলার পরিবেশ নিশ্চিত করা জরুরি। শুধু কথার ফুলঝুরি নয়, বরং কার্যকর উদ্যোগ ও বাস্তবসম্মত পদক্ষেপের মাধ্যমে শিশুদের কল্যাণ এবং প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী বলেন, মুসলিম জাতিসত্তার বিকাশ ও ইসলামী মূল্যবোধের চর্চাকে ধারণ করেই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামের মৌলিক শিক্ষার ঘাটতি উপলব্ধি করে ভিন্ন আঙ্গিকে এই প্রতিষ্ঠান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়। শিক্ষার এই সংকট থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী স্কলার মাওলানা নূরুল আমিন মেহদী, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, চট্টগ্রাম তালিমুন্নিসা মাদরাসার অধ্যক্ষ মাওলানা মনজুর কাদের, কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ক্বারী ফজলুল করিম জিহাদী, খলিফাপট্টি বণিক কল্যাণ সমিতির সভাপতি খন্দকার নুরুল ইসলাম, পদুয়া মাদরাসার নির্বাহী মুহতামিম মাওলানা মাহমুদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আনোয়ার শাহ চৌধুরী, মুহাম্মদ জয়নাল আবেদীন এবং প্রবাসী মাওলানা ইরফান হালিম প্রমুখ।