স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে নির্যাতনের বর্ণনা, গ্রেপ্তারের দাবি
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে নববধূকে মারধর, শ্লীলতাহানি ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুরবাড়ির পাঁচ সদস্যের বিরুদ্ধে। এ সময় নববধূর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেছে তাঁর পরিবার। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় আনোয়ারা উপজেলার কালাবিবির দীঘি এলাকার একটি সামাজিক যোগাযোগ কেন্দ্রে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী নববধূ নাজমিন সুলতানার ভাই মো. ইকবাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন তাঁর বাবা নাছির উদ্দীন, মা চেমন আরা বেগম, মো. সেকান্দর ও হ্যাপী আকতার।
লিখিত বক্তব্যে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, গত ২৯ অক্টোবর ১০ লাখ টাকা দেনমোহরে নাজমিন সুলতানার সঙ্গে মো. তৌহিদুল ইসলামের বিয়ে হয়। বিয়েতে কনের পরিবারের প্রায় ৯ লাখ টাকা ব্যয় হয়। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী তৌহিদুল ইসলাম তাঁর মায়ের প্ররোচনায় স্ত্রীকে বাবার বাড়ি থেকে পাঁচ লাখ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। দাবি পূরণে অপারগতা প্রকাশ করায় নাজমিনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়।
পরিবারের অভিযোগ, বিয়ের কয়েক দিনের মাথায় স্ত্রীকে রেখে বাড়ি থেকে চলে যান তৌহিদুল। এর ধারাবাহিকতায় গত ৮ নভেম্বর দুপুরে যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে নাজমিনকে এলোপাতাড়ি মারধর করে আহত করা হয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, পরদিন ৯ নভেম্বর নাজমিনের ভাই মো. ইকবাল হোসেনসহ স্বজনেরা শ্বশুরবাড়িতে গিয়ে নির্যাতনের কারণ জানতে চান। এ সময় অভিযুক্তরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে স্বজনদের সামনেই নাজমিনের চুলের মুঠি ধরে টানাহেঁচড়া, কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি এবং গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তাঁর গলায় থাকা আট আনা ওজনের একটি স্বর্ণের চেইনও ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি পরিবারের।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে নাজমিনকে উদ্ধার করেন। একপর্যায়ে তালাক দেওয়ার হুমকি দিয়ে তাঁকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর মা চেমন আরা বেগম বাদী হয়ে গত ১৭ নভেম্বর আনোয়ারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় স্বামী তৌহিদুল ইসলাম (৩২), মো. শহীদ (২৬), জমানা খাতুন (৫২), ইমু আক্তার (২৬) ও শামসুন নুরকে (৫০) আসামি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবার মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।