
নিউজগার্ডেন ডেস্ক: চারদিকে সুউচ্চ পাহাড়, আঁকাবাঁকা দুর্গম পথ আর সাঙ্গু নদীর প্রবহমান জলধারা। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়ন। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে রয়েছে পাহাড়ি মানুষের প্রতিদিনের কঠিন জীবনসংগ্রাম। বিশেষ করে শিক্ষার সুযোগ ও প্রয়োজনীয় উপকরণের অভাবে এখানকার শিশুদের পড়াশোনা চালিয়ে যাওয়া এক কঠিন চ্যালেঞ্জ। এমন বাস্তবতায় দুর্গম পাহাড়ি জনপদের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি)।
প্রতিষ্ঠানটির উদ্যোগে তিন্দু সরকারি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন স্কুল ব্যাগ ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। নতুন ব্যাগ, খাতা-কলম ও শিক্ষা সামগ্রী হাতে পেয়ে পাহাড়ের কোমলমতি শিক্ষার্থীদের চোখেমুখে ফুটে ওঠে আনন্দ ও উচ্ছ্বাস। তাদের কাছে এই উপহার শুধু শিক্ষা উপকরণ নয়, বরং স্বপ্নপূরণের পথে এগিয়ে যাওয়ার নতুন অনুপ্রেরণা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন জানান, বর্তমানে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়টিতে ৫৬ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। অধিকাংশ শিক্ষার্থীই সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র পরিবার থেকে এসেছে। তাদের পাশে দাঁড়ানোর জন্য সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এসবিজির এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড প্রেস মিডিয়া কো-অর্ডিনেটর মাসুদুর রহমান বলেন, বিষয়টি জানার পর এসবিজির চেয়ারম্যান সাফওয়ান সোবহানকে অবহিত করা হয়। তিনি তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন।
তিনি আরও বলেন, বসুন্ধরা গ্রুপ দীর্ঘদিন ধরে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে আসছে। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতারই অংশ। ভবিষ্যতেও এ বিদ্যালয় ও শিক্ষার্থীদের পাশে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।
নতুন স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিবেত খুমী ও নবম শ্রেণির শিক্ষার্থী সুমিয়া অং খুমী। তারা জানায়, নতুন শিক্ষা সামগ্রী পেয়ে তাদের খুব ভালো লাগছে। এ উপহার তাদের জন্য আনন্দের এবং পড়াশোনায় আরও উৎসাহ জোগাবে।
১৯ কিলোমিটারে আর কোনো মাধ্যমিক বিদ্যালয় নেই
তিন্দু ও আশপাশের পাহাড়ি অঞ্চলে শিক্ষার সুযোগ এখনো অত্যন্ত সীমিত। ভৌগোলিক দুর্গমতা ও যোগাযোগব্যবস্থার অপ্রতুলতার কারণে এখানকার শিশুদের প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। তিন্দু সরকারি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের আশপাশের প্রায় ১৯ কিলোমিটার এলাকায় আর কোনো মাধ্যমিক বিদ্যালয় নেই। ফলে বিস্তীর্ণ দুর্গম জনপদের শিক্ষার্থীদের কাছে প্রতিষ্ঠানটি শিক্ষার একমাত্র ভরসাস্থল।
শুধু তিন্দু নয়, পাশের রেমাক্রি, বলিপাড়া এবং থানচি সদর ইউনিয়নের দুর্গম পাড়া থেকেও শিক্ষার্থীরা এখানে পড়তে আসে। প্রতিদিন পাহাড়ি পথ পাড়ি দেওয়ার পাশাপাশি সাঙ্গু নদীর ঝুঁকিপূর্ণ জলপথ অতিক্রম করে বিদ্যালয়ে পৌঁছাতে হয় তাদের।
বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর পরিবার জুমচাষ ও দিনমজুরির ওপর নির্ভরশীল। নিত্যদিনের সংসার চালানোই যেসব পরিবারের জন্য কঠিন, তাদের পক্ষে সন্তানদের স্কুল ব্যাগ, খাতা-কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কিনে দেওয়া অনেক সময় সম্ভব হয় না। ফলে আর্থিক সংকট শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পথেও বাধা হয়ে দাঁড়ায়।
এক শিক্ষকের আত্মত্যাগে টিকে যায় বিদ্যালয়
তিন্দু এলাকার শিক্ষাবিস্তারে বিদ্যালয়টির পেছনে রয়েছে এক দীর্ঘ সংগ্রামের ইতিহাস। স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৩ সালে তিন্দু ইউনিয়ন পরিষদের একাধিকবারের নির্বাচিত চেয়ারম্যান মং প্রু অং মারমা তাঁর এলাকায় এসএসসি পাস করা কোনো শিক্ষার্থী খুঁজে পাননি। বিষয়টি তাঁকে গভীরভাবে নাড়া দেয়। এরপর এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে তিনি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য এক একর জমি দান করেন।
২০২০ সালে প্রায় ৫৬ জন শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়টির যাত্রা শুরু হলেও শুরু থেকেই আর্থিক সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতা ছিল প্রকট। প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে শিক্ষক নিয়োগ ও পাঠদান কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। একপর্যায়ে বিদ্যালয়টি বন্ধ হওয়ার উপক্রম হয়।
এমন পরিস্থিতিতে হাল ধরেন প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তির সহযোগিতা নিয়ে তিনি বিদ্যালয়ের কার্যক্রম চালিয়ে যেতে থাকেন। কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মিত বেতন আদায় সম্ভব না হওয়ায় শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধ করাও কঠিন হয়ে পড়ে।
সংকট যখন চরমে, তখন বিদ্যালয়টি টিকিয়ে রাখতে এক ব্যতিক্রমী উদ্যোগ নেন প্রধান শিক্ষক। ২০২৬ সালের মার্চ ও এপ্রিল মাসে শিক্ষকতার পাশাপাশি তিনি নিজেই সাঙ্গু নদীতে নৌকার বৈঠা হাতে তুলে নেন। নৌকা চালিয়ে উপার্জিত অর্থ দিয়ে বিদ্যালয়ের ব্যয় নির্বাহ ও সহকর্মীদের বেতন জোগানোর চেষ্টা করেন।
একজন শিক্ষকের এমন বিরল আত্মত্যাগের খবর দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। তাঁর এই সংগ্রাম ও শিক্ষার প্রতি দায়বদ্ধতা মানুষের প্রশংসা অর্জন করে। ২০২৬ সালের অক্টোবরে তিনি বিশেষ সম্মাননাও লাভ করেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিদ্যালয় জাতীয়করণ
প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেনের সংগ্রাম ও বিদ্যালয়টির সংকটের বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টিতে আসে। ২০২৬ সালের ২৮ জুন জাতীয় সংসদে বাজেট আলোচনায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যালয়টিকে জাতীয়করণের নির্দেশনা দিয়েছেন। এর ধারাবাহিকতায় ১৩ জুলাই ২০২৬ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে বিদ্যালয়টিকে সরকারি ঘোষণা করা হয়।
সরকারি স্বীকৃতির ফলে বিদ্যালয়টির দীর্ঘদিনের অনিশ্চয়তা অনেকটাই কেটেছে। তবে দুর্গম পাহাড়ি এলাকার হতদরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনা নির্বিঘ্ন রাখতে এখনো প্রয়োজন শিক্ষা উপকরণ, আর্থিক সহায়তা ও সম্মিলিত পৃষ্ঠপোষকতা।
পাহাড়ে শিক্ষার আলো ছড়াতে মানবিক উদ্যোগ
একজন শিক্ষকের অদম্য ইচ্ছাশক্তি ও আত্মত্যাগে টিকে যাওয়া তিন্দু সরকারি নিম্নমাধ্যমিক বিদ্যালয় এখন শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার আশার প্রতীক। এমন একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের এগিয়ে আসা নিঃসন্দেহে প্রশংসনীয় মানবিক উদ্যোগ।
স্থানীয় অভিভাবক ও শিক্ষকদের মতে, এই সহায়তা শিক্ষার্থীদের পরিবারের ওপর থেকে কিছুটা আর্থিক চাপ কমানোর পাশাপাশি তাদের পড়াশোনায় নতুন উদ্দীপনা জোগাবে।
সরকারি উদ্যোগের পাশাপাশি দেশের সামর্থ্যবান ব্যক্তি ও করপোরেট প্রতিষ্ঠানগুলো যদি এভাবে দুর্গম এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়ায়, তাহলে শিক্ষার আলো পৌঁছে যাবে পাহাড়ের প্রত্যন্ত জনপদেও। তিন্দুর এই ছোট্ট বিদ্যালয়ের শিক্ষার্থীরাও একদিন নিজেদের যোগ্যতা ও মেধায় আলোকিত ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।