নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগরের একটি ভাড়া বাসা থেকে এক কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ছন্দা শর্মা (৩৬)। তিনি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের শিক্ষিকা ছিলেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে খুলশী থানা পুলিশ। এর আগে সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে খুলশী থানাধীন নাসিরাবাদ এলাকায় বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুল হক জানান, নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ছন্দা শর্মার মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তিনি আরও জানান, এ ঘটনায় তার স্বামী ও বড় ভাই থানায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করছেন। ছন্দা শর্মা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা এলাকার আমিলাইশ কাঞ্চনা বঙ্গচন্দ্র ঘোষ ইনস্টিটিউটের শিক্ষক হরেরাম শর্মার মেয়ে।