নিজস্ব প্রতিবেদক
সংস্কৃতিচর্চার নগরী চট্টগ্রামে মঞ্চস্থ হলো নাট্যদল ‘বয়ান শিল্পাঙ্গন’-এর নিরীক্ষাধর্মী চতুর্থ প্রযোজনা ‘অ-মীমাংসিত’। প্রখ্যাত চলচ্চিত্রকার, লেখক ও বীর মুক্তিযোদ্ধা জহির রায়হানের নিখোঁজ রহস্য এবং ইতিহাসের আড়ালে থাকা সত্য অনুসন্ধানের প্রয়াসে নির্মিত নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন সায়েম উদ্দীন। ১ ঘণ্টা ১০ মিনিট দৈর্ঘ্যের নাটকটির উদ্বোধনী দিনে তিনটি প্রদর্শনী অনুষ্ঠিত হয় গত ২৩ নভেম্বর (সোমবার)।
থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) লেকচার হলে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত তিনটি প্রদর্শনীতেই দর্শক ও নাট্যানুরাগীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। নাটকের বিষয়বস্তু, উপস্থাপনার অভিনবত্ব এবং শিল্পীদের শারীরিক অভিব্যক্তি দর্শকদের মধ্যে তৈরি করে ভিন্নধর্মী নাট্য-অনুভূতি।
প্রথাগত বিশাল মঞ্চ, ড্রপ-সিন কিংবা ভারী সেটের পরিবর্তে অন্তরঙ্গ পরিসরে দর্শক ও অভিনয়শিল্পীদের সরাসরি সংযোগকে গুরুত্ব দেওয়া হয়েছে এ প্রযোজনায়। ‘বডি মুভমেন্ট থিয়েটার’-এর আঙ্গিকে নির্মিত নাটকটিতে সেটহীন মঞ্চ, কোরাসের শরীরী অভিব্যক্তি এবং সাধারণ আলোর ব্যবহার এক ভিন্নতর নাট্যভাষা তৈরি করেছে। শিল্পীদের নিজস্ব শরীরী উপস্থাপনাই হয়ে উঠেছে নাটকের অন্যতম প্রধান প্রকাশমাধ্যম।
নাটকের গল্পে উঠে এসেছে জহির রায়হানের জীবনসংগ্রাম, তাঁর কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’ এবং প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’-এর রাজনৈতিক ও ঐতিহাসিক তাৎপর্য। পাশাপাশি ১৯৭২ সালের ৩০ জানুয়ারি মিরপুর ১২ নম্বরে তাঁকে খুঁজতে গিয়ে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার প্রেক্ষাপটও তুলে ধরা হয়েছে।
নাটকে ১৯৯৯ সালে নূরী মসজিদের নিচে কঙ্কালের সন্ধান এবং প্রত্যক্ষদর্শী নায়েক আমির হোসেনের জবানবন্দিকে কেন্দ্র করে অনল রায়হান ও সাংবাদিক জুলফিকার আলী মানিকের অনুসন্ধানী প্রচেষ্টাও বিশেষ গুরুত্ব পেয়েছে। ইতিহাসের এই অনুসন্ধানের বিপরীতে ডিজিটাল যুগের ভিউনির্ভর কনটেন্ট ক্রিয়েটর ও ইতিহাস বিকৃতিকারী ভাঁড় চরিত্রের উপস্থিতি নাটকটিতে যুক্ত করেছে সমকালীন রাজনৈতিক ব্যঙ্গ ও প্রতিবাদের ভাষা।
জহির রায়হান, সুচন্দা, অনুসন্ধানী সন্তান অনল রায়হানসহ কোরাসের বহুমাত্রিক চরিত্রে অভিনয়শিল্পীদের সুসংহত উপস্থাপনা নাটকটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। ইতিহাস, রাজনীতি, অনুসন্ধান ও সমকালীন বাস্তবতার মেলবন্ধনে নির্মিত প্রযোজনাটি দর্শকদের ভাবনার খোরাক জুগিয়েছে।
প্রযোজনাটির অধিকর্তা সাজু বড়ুয়া বলেন, “নাটকটিতে জহির রায়হানকে নিয়ে বছরের পর বছর ধরে জমে থাকা ধোঁয়াশা ও অপপ্রচারের বিপরীতে ঐতিহাসিক সত্য তুলে ধরতে চেয়েছি। নাটক শেষ হলেও দর্শকের মনে যেন প্রশ্ন জেগে থাকে—ইতিহাস কি মুছে ফেলা সম্ভব, নাকি সত্যের পুনর্গঠনে ভূমিকা রাখাটাই আজ বড় অ্যাকশন?”
প্রদর্শনী শেষে দর্শকদের অভিমত, প্রচলিত প্রসেনিয়াম থিয়েটারের বাইরে গিয়ে অন্তরঙ্গ পরিসরে বডি মুভমেন্ট, কোরাসের অভিনব ব্যবহার এবং ঐতিহাসিক উপাদানের সমন্বয়ে ‘অ-মীমাংসিত’ চট্টগ্রামের নাট্যাঙ্গনে একটি ব্যতিক্রমী সংযোজন হয়ে থাকবে।