
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: জরুরি স্বাস্থ্যসেবায় রোগী ও স্বজনদের ভোগান্তি কমাতে নিকটস্থ হাসপাতালের ICU, CCU, সাধারণ বেড ও কেবিনের প্রাপ্যতা সম্পর্কে তথ্য জানার সুযোগ নিয়ে চালু হলো ‘Bedkoi’ মোবাইল অ্যাপ। বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগের দাবি নিয়ে অ্যাপটি তৈরি করেছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের সফটওয়্যার ডেভেলপার প্রতিষ্ঠান ASH DEVS।
বুধবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের একটি কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সভাপতি ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ কে এম ফজলুল হক, সমিতির সহ-সভাপতি ও পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ.টি.এম. রেজাউল করিম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের টিকেএম ডিরেক্টর ডা. জান্নাতুল নাঈম হক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জরুরি মুহূর্তে রোগীকে হাসপাতালে নেওয়ার পর ICU, CCU কিংবা সাধারণ বেড না পেয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটতে হয় স্বজনদের। এতে একদিকে যেমন মূল্যবান সময় নষ্ট হয়, অন্যদিকে রোগী ও পরিবারের সদস্যদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে Bedkoi অ্যাপ তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা সংশ্লিষ্ট হাসপাতালের বেড, কেবিন ও বিশেষায়িত চিকিৎসাসেবার প্রাপ্যতা সম্পর্কে সহজে তথ্য পেতে পারবেন।
ইতিমধ্যে এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি। চট্টগ্রামের সব সরকারি ও বেসরকারি হাসপাতালকে এ ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি চিঠিও দিয়েছেন।
এরই মধ্যে সরকারি হাসপাতালগুলোর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল, পার্কভিউ হাসপাতাল, ন্যাশনাল হাসপাতাল, ইসলামী ব্যাংক হাসপাতাল ও নাগরিক হাসপাতাল Bedkoi-এর সঙ্গে যুক্ত হয়েছে।
Bedkoi-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) ও আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, “প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের মূল লক্ষ্য হলো হাসপাতালভিত্তিক প্রয়োজনীয় তথ্য সহজলভ্য করা এবং জরুরি সময়ে রোগী ও স্বজনদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা। পর্যায়ক্রমে আরও হাসপাতালকে এই ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।”
প্রধান অতিথির বক্তব্যে ডা. সেখ ফজলে রাব্বি বলেন, “স্বাস্থ্যসেবায় প্রযুক্তির ব্যবহার সময়ের দাবি। বিশেষ করে জরুরি রোগীদের ক্ষেত্রে দ্রুত সঠিক তথ্য পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। Bedkoi-এর মতো উদ্যোগ হাসপাতালের ICU, CCU ও বেডের প্রাপ্যতা সম্পর্কে তথ্য পেতে রোগী ও স্বজনদের সহায়তা করবে। এ ধরনের প্রযুক্তিনির্ভর উদ্যোগ স্বাস্থ্যসেবাকে আরও সহজ, গতিশীল ও জনবান্ধব করতে ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।”
ডা. এ কে এম ফজলুল হক বলেন, “Bedkoi-এর এই উদ্যোগ সময়োপযোগী ও জনকল্যাণমূলক। আমরা Bedkoi-এর সঙ্গে যুক্ত হয়েছি। চট্টগ্রামের সব বেসরকারি হাসপাতাল পর্যায়ক্রমে এর আওতায় আসবে বলে আমার বিশ্বাস।”
ডা. এ.টি.এম. রেজাউল করিম বলেন, “হাসপাতালগুলোর মধ্যে সমন্বয় ও তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে এই প্ল্যাটফর্ম দেশের জরুরি স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।”