সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে চট্টগ্রাম মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিলে নজরুল ইসলাম
চট্টগ্রাম, ২৫ নভেম্বর ২০২৬: দেশে ক্রমবর্ধমান সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে এসব অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী।
আজ বুধবার (২৫ নভেম্বর) বিকাল ৪টায় নগরীর বাদামতল, আগ্রাবাদ থেকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
মিছিল-পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, গণভোটের গণরায়ের মধ্য দিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেটিই ছিল জাতীয় সংকট উত্তরণের প্রধান ভিত্তি। কিন্তু বিএনপি সরকার সেই ঐক্য ধরে রাখতে ব্যর্থ হয়েছে। গণরায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংস্কারের পথে হাঁটলে জুলাইয়ের জাতীয় ঐক্য অটুট থাকত। তখন পতিত ফ্যাসিবাদ নাশকতা ও অগ্নিসন্ত্রাস করার সাহস পেত না।
তিনি বলেন, সরকার গঠনের পর থেকেই বিএনপি নিজেরাই ফ্যাসিবাদের পথে হেঁটেছে। চাঁদাবাজি, দখলবাজি ও খুন-খারাবিতে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে। বিতর্ক ও বিভেদ উসকে দিয়ে জুলাইয়ের চেতনাকে সমূলে উপড়ে ফেলার ষড়যন্ত্রের ফাঁদে আটকা পড়েছে বিএনপি। পতিত ফ্যাসিবাদের সমর্থক ও কালোটাকার সুবিধাভোগীরা বিএনপির আশ্রয়ে থেকেই আবারও শক্তিশালী হওয়ার চেষ্টা করছে। তারা বিএনপির কোলে আশ্রয় নিয়ে কালসাপ হয়ে ফিরে আসতে চায়।
বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক উক্তি, ‘সাপকে বিশ্বাস করা যায়; কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না’ উল্লেখ করে তিনি বলেন, এই বাস্তবতা ভুলে যাওয়ার কারণেই বিএনপি আজ জাতীয় সংকট সৃষ্টি করেছে। দেরিতে হলেও বিএনপির শুভবুদ্ধির উদয় হোক। সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে জাতীয় ঐক্যের ভিত্তিতে সংকট উত্তরণে সরকার এগিয়ে এলে বিরোধী দলসহ জুলাইয়ের সকল শক্তিকে পাশে পাবে, ইনশাআল্লাহ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুছ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, নগর কর্মপরিষদ সদস্য ও ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম সাবেক কাউন্সিলর শফিউল আলম এবং ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি রাকিবুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক ডা. ছিদ্দিকুর রহমান, নগর অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, হালিশহর থানা আমীর ফখরে জাহান সিরাজী, সদরঘাট থানা আমীর এম এ গফুর, খুলশি থানা আমীর অধ্যাপক আলমগীর ভুঁইয়া, পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি মকবুল আহমদসহ মহানগরী ও বিভিন্ন থানা পর্যায়ের নেতাকর্মীরা।