নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রমে দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় আয়োজিত ২৪ দিনব্যাপী যৌথ প্রশিক্ষণ ‘এক্সারসাইজ গার্ডিয়ান শার্ক-১’ সম্পন্ন হয়েছে। এতে বাংলাদেশ কোস্টগার্ডের ১৪ জন সদস্য অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাটাশে অফিসের উদ্যোগে গত ২ থেকে ২৫ নভেম্বর চট্টগ্রামের কোস্টগার্ড বেইসে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল কোস্টগার্ডের পেশাগত ও অপারেশনাল দক্ষতা বৃদ্ধি, দুর্যোগকালীন জরুরি উদ্ধার কার্যক্রমে সক্ষমতা উন্নয়ন এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও সুদৃঢ় করা।
প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র মিশনের ভারপ্রাপ্ত উপপ্রধান ট্রিশিতা মাউলা। এ সময় বাংলাদেশ কোস্টগার্ডের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে এ ধরনের যৌথ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা, পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, জরুরি উদ্ধার এবং মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশ কোস্টগার্ডের সক্ষমতা আরও বাড়বে।
তিনি আরও জানান, ভবিষ্যতেও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ আয়োজন ও সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বাংলাদেশ কোস্টগার্ড।