নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দালালদের শনাক্ত ও আটক করতে রোগী ও স্বজনের ছদ্মবেশে অভিযান চালিয়েছে এসআরবি। বৃহস্পতিবার দুপুরে শুরু হওয়া এ অভিযানের প্রথম এক ঘণ্টায় অন্তত ১৫ থেকে ২০ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের হাসপাতালের ভেতরে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
অভিযানে এসআরবির সদস্যরা সাধারণ পোশাকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগে ছড়িয়ে পড়েন। রোগী ও তাঁদের স্বজনের ছদ্মবেশে দালালদের গতিবিধি পর্যবেক্ষণ করেন তাঁরা। এ সময় চিকিৎসকের প্রেসক্রিপশন পরীক্ষা কিংবা বিভিন্ন সুবিধা দেওয়ার কথা বলে রোগী ও স্বজনদের সঙ্গে যোগাযোগ করা ব্যক্তিদের আটক করা হয়।
অভিযানের খবর ছড়িয়ে পড়লে দালালদের একটি অংশ হাসপাতাল এলাকা ছেড়ে পালিয়ে যায়। তবে অভিযানের বিষয়ে অবগত না থাকায় কয়েকজনকে বিভিন্ন বিভাগ থেকে আটক করা হয় বলে ঘটনাস্থলে থাকা সংবাদকর্মীরা জানিয়েছেন।
দীর্ঘদিন ধরে চমেক হাসপাতালে দালালদের দৌরাত্ম্যের অভিযোগ রয়েছে। চিকিৎসা নিতে দূরদূরান্ত থেকে আসা রোগী ও তাঁদের স্বজনদের বিভিন্নভাবে হয়রানি করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। এর আগে একাধিকবার অভিযান ও ধাওয়ার পরও কিছুদিনের মধ্যে আবার সক্রিয় হয়ে ওঠে দালালচক্র।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এসআরবির অভিযান চলছিল। এ বিষয়ে এসআরবি কিংবা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।