হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্মরণসভায়
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার মোড়কে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ চত্বর হিসেবে নামকরণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। একই সঙ্গে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির হেলথ সেন্টারের জন্য সিটি কর্পোরেশনের অর্থায়নে একজন মেডিকেল অফিসার নিয়োগ দেওয়ারও ঘোষণা দেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় শাহাদাৎবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল, স্মরণসভা এবং চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব ঘোষণা দেন।
বাদ জোহর কোর্টহিল জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে আইনজীবী অডিটোরিয়ামে স্মরণসভা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে শহীদ আলিফের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, তাঁর জীবন ও কর্মের স্মৃতিচারণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মো. আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন সমিতির সাবেক সভাপতি মুহাম্মদ এনামুল হক ও আবদুস সাত্তার। স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহসাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের দুই বছর অতিবাহিত হলেও এখনো বিচার সম্পন্ন হয়নি। একজন তরুণ আইনজীবীকে এভাবে নৃশংসভাবে হত্যা শুধু তাঁর পরিবারের জন্য নয়, পুরো আইনজীবী সমাজ ও দেশের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি শহীদ আলিফের আত্মার মাগফিরাত কামনা করেন এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।
তিনি বলেন, শহীদ আলিফের স্মৃতি ধরে রাখতে কোতোয়ালী থানার মোড়কে ‘শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ চত্বর’ হিসেবে নামকরণ করা হবে। পাশাপাশি আইনজীবী সমিতির হেলথ সেন্টারে একজন মেডিকেল অফিসার নিয়োগের ব্যয় সিটি কর্পোরেশন বহন করবে।
প্রধান বক্তা সংসদ সদস্য মো. আবু সুফিয়ান বলেন, শহীদের রক্ত যে মাটিতে পড়ে, সে মাটি উর্বর হয়। শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্ত এ দেশের মানুষ ও সার্বভৌমত্ব রক্ষার প্রেরণা হয়ে থাকবে। সীমান্তের ওপার থেকে এখনো খুনিদের উসকানি দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সার্বভৌমত্বের প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি শহীদ আলিফের আত্মার মাগফিরাত কামনা করে মামলাটি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর দাবি জানান।
স্বাগত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন বলেন, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো এবং তাঁর জীবন, কর্ম ও আত্মত্যাগের তাৎপর্য সবার সামনে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। আইনজীবী সমাজের প্রত্যেক সদস্যের উচিত ঐক্যবদ্ধভাবে পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করা। তিনি ঘোষণা দেন, এখন থেকে প্রতি বছর ২৬ নভেম্বর সমিতির উদ্যোগে ‘শহীদ আলিফ দিবস’ পালন করা হবে।
সভাপতির সমাপনী বক্তব্যে তারিক আহমদ বলেন, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের স্মৃতি চট্টগ্রামের আইনজীবী সমাজের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর জীবন, কর্ম, স্মৃতিবিজড়িত বিভিন্ন মুহূর্ত এবং আত্মত্যাগের ঘটনাপ্রবাহ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিশেষ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তিনি উপস্থিত আইনজীবী, অতিথি ও দর্শনার্থীদের প্রদর্শনী পরিদর্শন করে শহীদ আলিফের জীবন ও কর্ম সম্পর্কে জানার আহ্বান জানান।
স্মরণসভায় উপস্থিত ছিলেন জেলা জিপি মোহাম্মদ কাশেম চৌধুরী, কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহসভাপতি সেলিমা খানম, সহসভাপতি নিলুফার ইয়াসমিন লাভলী, অর্থ সম্পাদক আবুল মনছুর সিকদার, পাঠাগার সম্পাদক তৌহিদ হোছাইন সিকদার, সাংস্কৃতিক সম্পাদক বিলকিস আরা মিতু, ক্রীড়া সম্পাদক মো. সরোয়ার হোসাইন (লাভলু), নির্বাহী সদস্য আলী আকবর, সাদিয়া খান, জসিম উদ্দিন হিমেল, মো. ইকবাল হোসেন, শেখ মো. ফয়সাল উদ্দিন, মোমেনুল হক, সাইফুল ইসলাম, মোহাম্মদ হাসান, দিলদার আহম্মদ ভূঁইয়া, মোক্তার উদ্দিন সাগর ও দিদারুল আলম টিপুসহ বিপুলসংখ্যক আইনজীবী।