
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান লোহাগাড়া উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর অধ্যাপক আবু তাহের ও সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক ও নিয়মতান্ত্রিক সংগঠন। এ সংগঠনে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো ব্যক্তির একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। সংগঠনের নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করেই প্রতিটি স্তরে প্রার্থী নির্বাচন ও ঘোষণা করা হয়। অথচ স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষণার চলমান প্রক্রিয়াকে কেন্দ্র করে জেলা আমীরের একক সিদ্ধান্তে প্রার্থী ঘোষণা করা হয়েছে—এমন বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত।
তারা আরও বলেন, সংগঠনের দায়িত্বশীল কিংবা কর্মীদের নিজেদের প্রার্থী হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করা, অন্যের মাধ্যমে তা প্রচার করা কিংবা নিজেকে প্রার্থী হিসেবে জাহির করার প্রবণতা সংগঠনের নীতিবিরুদ্ধ ও গর্হিত কাজ। দায়িত্বশীলদের কাছ থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সংগঠনের নির্বাচিত সংসদীয় আসনগুলোতে স্থানীয় নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট আসনের সংসদ সদস্যের সম্মতি গ্রহণের মাধ্যমে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। তাই প্রার্থী নির্বাচনসংক্রান্ত বিষয়ে সঠিক তথ্য জানতে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন ছিল। কিন্তু তা না করে জামায়াতের মতো একটি আদর্শিক সংগঠনের বিরুদ্ধে ভিত্তিহীন ও মনগড়া তথ্য প্রকাশ করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা দুঃখজনক ও অনভিপ্রেত।
জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, প্রার্থী নির্বাচনের বিষয়ে সংগঠনের সুনির্দিষ্ট নিয়মতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে। তাই এ প্রক্রিয়াকে ঘিরে প্রকাশিত উদ্দেশ্যপ্রণোদিত ও মনগড়া সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার ঊর্ধ্বতন দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই এবং সৎ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।