প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ১০:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ১০:০০ পি.এম
একটি পরিবারের নির্যাতন পুরো সমাজের ক্ষত: ডিসি জাহিদ

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমাদের দেশের রিসোর্স হচ্ছে ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত। প্রত্যেকটা ভাই-বোন আমাদের রিসোর্স। প্রত্যেকটা রিসোর্সকে সমানভাবে কাজে লাগাতে না পারলে সকলের জন্য বোঝা হয়ে যাবে। সমাজে অনেক বেশি সংকট তৈরি হবে, বিভিন্ন ধরণের নির্যাতনসহ সহিংসতা বাড়বে। একটি পরিবারের নির্যাতন পুরো সমাজের ক্ষত। নারী-শিশুর প্রতি সব ধরনের নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। সকল ধরণের নিয়াতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। স্ব স্ব আঙিনায় জ্বলে উঠতে পারলে নির্যাতনগুলো প্রতিরোধ করা সম্ভব হবে। আজ ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এনজিও সমূহ ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সহযোগিতায় চট্টগ্রাম জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর অনুষ্ঠানের আয়োজন করেন। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে এবারের মূল প্রতিপাদ্য ‘নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ন্যায় বিচার নিশ্চিত করি, ভুক্তভোগীদের সুরক্ষা দেই এবং দায়মুক্তির অবসান ঘটাই’। শুরুতে র্যালি ও বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের শুভ উদ্বোধন করেন ডিসি। এর পর নারী নিযাতন ও সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের প্রচারাভিযানের গণস্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি। চট্টগ্রাম মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের আলোচনা সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারী উন্নয়ন সংস্থা-ইপসা’র সহকারী পরিচালক ফারহানা ইদ্রিছ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কারিতাস’র আঞ্চলিক পরিচালক চয়ন হিউবার্ট, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক জনি রোজারিও, প্রত্যাশীর সহকারী পরিচালক মুহাম্মদ সেলিম, ইলমা’র প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, লিরো’র নির্বাহী পরিচালক নুরজাহান খান, ঘাসফুল’র সমন্বয়কারী সিরাজুল ইসলাম, আইডিএফ’র সমন্বয়কারী রাহেনা বেগম, ব্র্যাক’র সমন্বয়ক মোঃ মহিন উদ্দিন, ওয়াইএএসডি’র নির্বাহী পরিচালক অমিত দাশ, উইমেন পসিবিলিটি’র কর্মকর্তা সানজুমা আকতার, অপরাজেয় বাংলাদেশ’র ইনচার্জ জিনাত আরা বেগম, কারিতাস’র প্রোগ্রাম অফিসার এমদাদুল ইসলাম, বিএনপিএস’র এরশাদুল করিম প্রমুখ। জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, এনজিওসমূহ ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতির কর্মকর্তা/প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত উন্নয়ন সহযোগী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা একাত্মতা প্রকাশ করে নারী ও শিশুর জন্য একটি নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা সভার প্রধান অতিথি ডিসি জাহিদ বলেন, পরিবারগুলোতে আপনজনেরা আপনজনই। কিন্তুমেন্টালিটি কেন পরিবর্তন হচ্ছে না? মেন্টালিটিগুলো পরিবর্তন করতে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাহলে সমাজে পরিবর্তন আসবে।
আলবার্ট আইনস্টাইনের উদ্বৃতি দিয়ে জেলা প্রশাসক বলেন, পৃথিবীতে খারাপ মানুষ বা নির্যাতনকারীর সংখ্যা কম। ভালো মানুষ যখন খারাপ কাজগুলোর প্রতিবাদ বা প্রতিরোধ করবে না বা নীরবতা পালন করবে তখনই এই পৃথিবী ধ্বংস হবে। এক সময় আমরা একটা স্লোগান শুনতাম, ‘আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিরোধ’। এবার সেই প্রতিরোধ পক্ষ শুরু হয়েছে। সকল ধরণের সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে। আমাদের দেশটাকে ভালোবাসতে হবে, এই সমাজটাকে ভালোবাসতে হবে। আমাদের কাজের পরিধিতে অন্যের বিষয়, অন্য গোষ্ঠী, গোত্র-সকল সকলের কথা চিন্তা করতে হবে।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, প্রযুক্তির সাথে সাথে নিজেদেরকে আপগ্রেড করতে হবে। প্রতিনিয়ত পৃথিবী পরিবর্তন হচ্ছে। সেই ক্ষেত্রে আসলে আমরা যদি শুধুমাত্র আমার কী নাই বা আমার কী, অন্যের কী আছে, সেটি নিয়ে যদি বসে থাকি, আমি যদি আমাকে সেইভাবে প্রিপেয়ার না করি, তাহলে আসলে আগামী দিন আমাদের জন্য আরও বেশি চ্যালেঞ্জিং হবে।
ডিসি আরও বলেন, শুধুমাত্র আইন প্রয়োগ কর নির্যাতন রোধ করা সম্ভব নয়। আামরা প্রত্যেককে যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ববোধ জাগ্রত করতে পারি তাহলে অপরাধ ও নির্যাতনের মত বিষযগুলো থেকে দেশ ও সমাজকে মুক্ত রাখতে পারব। আমরা সুস্থভাবে বেঁচে উঠতে চাই। আগামী প্রজন্ম যেমন নিরাপদে থাকতে চাই, নিরাপদ একটা সমাজ তৈরি করতে চাই, ঠিক তেমনি আমরা চাই-আগামী প্রজন্ম, তাদের মেধাটা এই দেশে ব্যয় করুক, তারা যাতে এই দেশ থেকে চলে না যায় এবং তারা যেন নিরাপদে থাকে। টাইম ইজ ভেরি লিমিটেড এবং কাজের পরিমাণ অনেক বেশি। দায়িত্বের জায়গাটা অনেক বেশি, কিন্তু সময় অনেক কম। আমরা যেন আমাদের সময়টাকে কোনোভাবেই নষ্ট না করি।
তিনি বলেন, পৃথিবীটা খুবই ইন্টারকানেক্টেড। আমাদের এই দেশকে আমরা সুন্দরভাবে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে চাই। একটা শক্ত অবস্থান তৈরি করতে হবে যাতে আমরা প্রত্যেকে সত্যিকারের রাষ্ট্রের জন্য একটা সম্পদ হয়ে উঠতে পারি। আমরা যেন বোঝা না হয়ে যাই- এই প্রত্যাশা করেন তিনি।
Copyright © 2026 NewsGarden24. All rights reserved.