
নিউজগার্ডেন ডেস্ক: নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, আত্মরক্ষার কৌশল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অগ্নিকাণ্ডে জীবন ও সম্পদ রক্ষার কলাকৌশল শেখাতে চট্টগ্রামে ওডেবের উদ্যোগে বিশেষ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় চট্টগ্রামের কালুরঘাট মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ওডেবের প্রধান নির্বাহী অধ্যাপক শ্যামলী মজুমদারের নির্দেশনায় এবং জার্মান দাতা সংস্থা ডাব্লিউ ডাব্লিউ ডি পি-জিসির সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সিনিয়র কর্মকর্তা মুহাম্মদ ফয়েজুল আবেদীন।
অনুষ্ঠানে অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কালুরঘাট মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ইঞ্জিনিয়ার মুহাম্মদ ফখর উদ্দীন। তিনি অংশগ্রহণকারীদের হাতে-কলমে অগ্নিনির্বাপণ যন্ত্রের ব্যবহার, আগুন লাগলে তাৎক্ষণিক করণীয়, ধোঁয়া থেকে নিরাপদে থাকার উপায় এবং জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের সহায়তা নেওয়ার পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেন। পাশাপাশি পরিবার ও কর্মক্ষেত্রে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধ এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন কৌশল তুলে ধরেন।
প্রশিক্ষক মুহাম্মদ ফখর উদ্দীন বলেন, আগুন লাগলে আতঙ্কিত না হয়ে সাহস, সচেতনতা ও সঠিক কৌশলে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। অগ্নিকাণ্ডের সময় দ্রুত ও সঠিক সিদ্ধান্ত জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নারীরা নিজেরা সচেতন ও প্রশিক্ষিত হলে পরিবার ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করাও সহজ হবে।
সভায় বক্তব্য দেন ওডেবের পিএমটিও সজল দে, হিসাব কর্মকর্তা মোছাম্মত পপি আক্তার, পিও মো. আলাউদ্দিন, বন্দনা বড়ুয়া, মিনু চৌধুরী, ইতি সর্ববিদ্যা পুষ্পা ও জয়া দাশসহ অন্যরা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীরা ফায়ার সার্ভিসের গাড়ি ও বিভিন্ন অগ্নিনির্বাপণ সরঞ্জাম সরেজমিনে পরিদর্শন করেন এবং ব্যবহারিক প্রশিক্ষণে অংশ নেন।
আয়োজকরা জানান, নারীদের আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধি, অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় দক্ষ করে তোলার লক্ষ্যেই এ ধরনের প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়েছে।