ফটিকছড়ি প্রতিনিধি, এ কে এম নাজিম উদ্দিন চৌধুরী: চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ডিপ্লোম্যাসি চাকমা।
গত বৃহস্পতিবার তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। এর আগে তিনি চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনের মধ্যে রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সিনিয়র সহকারী কমিশনার, চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং দোহাজারী পৌরসভার প্রশাসকের দায়িত্ব। তাঁর বাড়ি রাঙামাটি পার্বত্য জেলায় বলে জানা গেছে।
এদিকে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম কোথা থেকে পরিচালিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ প্রসঙ্গে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহিম জানান, উত্তর উপজেলার কার্যালয়ের স্থান এখনো নির্ধারণ করা হয়নি। নবাগত ইউএনও ডিপ্লোম্যাসি চাকমা যোগদানের পর কিছুদিন ছুটিতে থাকবেন বলেও তিনি জানান।
নবাগত ইউএনওর যোগদানের খবর ছড়িয়ে পড়লে উত্তর ফটিকছড়ির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।