
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জামায়াতের বিরুদ্ধে বিরোধী শক্তির অপপ্রচার ও ষড়যন্ত্র সংগঠনের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। সকল রাজনৈতিক বাধা ও প্রতিকূলতা মোকাবিলা করে আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জনে কর্মীদের প্রস্তুত হতে হবে। এ জন্য আদর্শিক জ্ঞান, নৈতিক চরিত্র, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনে প্রত্যেক কর্মীকে সচেষ্ট থাকতে হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম নগরীর জেপি কনভেনশন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী হালিশহর থানার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
থানা আমীর মুহাম্মদ ফখরে জাহান সিরাজীর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বায়আতের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, বায়আতের মাধ্যমে প্রত্যেক কর্মী যে অঙ্গীকার গ্রহণ করেন, ব্যক্তিগত ও সাংগঠনিক জীবনে তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। আদর্শিক দৃঢ়তা, সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্বশীলতার পাশাপাশি দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টায় আন্তরিক ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
শিক্ষাশিবিরে বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি খায়রুল বাশার, ফয়সল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরী এবং মহানগরী সাংগঠনিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মুহাম্মদ শামসুজ্জামান হেলালী।
এ সময় আরও উপস্থিত ছিলেন হালিশহর থানা জামায়াতের নায়েবে আমীর ডা. শাহাদাত হোসেন, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনজুরুল হক, থানা কর্মপরিষদ সদস্য জাহের খান, মাকসুদুল মাওলা, মাওলানা আহমদ শফি, হায়দার আলীসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল।
দিনব্যাপী এ কর্মী শিক্ষাশিবিরে কর্মীদের ব্যক্তিগত জীবন গঠন, নৈতিকতা ও আদর্শিক দৃঢ়তা অর্জন, সাংগঠনিক দায়িত্ববোধ, শৃঙ্খলা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।