
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম নগর বিএনপির অধীনে থাকা ৩টি আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের আহবায়ক মো: হাসান লিটন ও সদস্য সচিব মো: ইউসুফের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেন।
আজ বুধবার (১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন সদস্য সচিব মো: ইউসুফ। এর আগে, সভার সম্মতিক্রমে ইউনিট কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়। ৩টি ইউনিটের আহ্বায়ক কমিটি ৩৩ সদস্য বিশিষ্ট করা হয়েছে।
কমিটিতে ৬ নং পূর্ব ষোলশহর এ ইউনিটে মো: সেলিমকে সভাপতি, মো: জামালকে সি: সহ-সভাপতি, ইউনুচ ভান্ডারীকে সহ-সভাপতি ও মো: জাকির হোসেনকে সাধারণ সম্পাদক, বি ইউনিটে মো: নেছারকে সভাপতি, রোজাউল করীমকে সি: সহ-সভাপতি, মো: জসিম উদ্দিনকে সহ-সভাপতি ও মো: নুরুন্নবী (মিন্টু)কে সাধারণ সম্পাদক, সি ইউনিটে আবদুল মান্নানকে সভাপতি, মো: হোসেনকে সি: সহ-সভাপতি, মো: রিয়াজুলকে সহ-সভাপতি ও মো: সাইফুকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের আহবায়ক মো: হাসান লিটন বলেন, আমরা দায়িত্ব পাওয়ার পর কেন্দ্রীয় নির্দেশে দ্রুততম সময়ে কমিটি অনুমোদন করতে পেরেছি। এটা আমাদের সফলতা বলে আমি মনে করি। আশা করছি কমিটি সবার কাছে গ্রহণযোগ্য হবে।
সদস্য সচিব মো: ইউসুফ বলেন, আমরা কমিটি অনুমোদন করেছি সবাইকে সমন্বয় করে। কাউকে বাদ দেওয়া হয়নি। প্রতিটি কমিটিই ১১ সদস্য বিশিষ্ট।









