১২ দেশের ১১শ’ রানার চট্টগ্রামে

নিউজগার্ডেন ডেস্ক: দেশের অন্যতম জনপ্রিয় ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা ‘স্যাম বন্ড-সিআর টেনকে ২০২৬’ আগামী শুক্রবার (৫ জুন) শুরু হচ্ছে। ‘রান দ্য সিটি’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশসহ বিশ্বের ১২টি দেশের প্রায় ১ হাজার ১শ’ দৌড়বিদ। শুক্রবার চট্টগ্রাম মহানগরের ঐতিহ্যবাহী সিআরবি এলাকার শিরীষতলায় অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটে প্রতিযোগিতা শুরু হবে। সকাল ৭টা ২০ মিনিটের মধ্যে দৌড় শেষ হওয়ার কথা রয়েছে। প্রতিযোগিতা উপলক্ষে বুধবার দুপুরে নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে আয়োজক সংগঠন চট্টলা রানারসের সহ-প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান মনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, পঞ্চমবারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করছে চট্টলা রানারস। চট্টগ্রামের ফুসফুস হিসেবে পরিচিত সিআরবি এলাকা ঘিরেই অনুষ্ঠিত হবে দৌড় প্রতিযোগিতা। বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের রানার এতে অংশ নেবেন। বিভিন্ন বয়সভিত্তিক ক্যাটাগরিতে বিজয়ীদের জন্য নগদ অর্থ ও সম্মাননা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এবারের আয়োজন করা হয়েছে জানিয়ে মুজিবুর রহমান মনি বলেন, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করা হবে। ক্রীড়ার পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়াও এবারের আয়োজনের অন্যতম লক্ষ্য। চট্টগ্রামে দীর্ঘদিন ধরে রানিং সংস্কৃতি গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। সিআর টেনকে এখন দেশের অন্যতম পরিচিত দৌড় প্রতিযোগিতায় পরিণত হয়েছে। এবার দেশ-বিদেশের প্রায় ১ হাজার ১শ’ রানারের অংশগ্রহণ আমাদের জন্য বড় অর্জন।

চট্টলা রানারসের উপদেষ্টা প্রদীপ কুমার দেব বলেন, কেবল প্রতিযোগিতা নয়, সুস্থ জীবনধারা ও নিয়মিত শরীরচর্চার সংস্কৃতি গড়ে তুলতেই এ উদ্যোগ। তরুণদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানো এবং আন্তর্জাতিক মানের দৌড় প্রতিযোগিতার পরিবেশ তৈরি করাই আমাদের লক্ষ্য। প্রতি বছরের মতো এবারও সিআরবি এলাকায় উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দেশি-বিদেশি রানারদের অংশগ্রহণে চট্টগ্রাম একদিনের জন্য দৌড়ের নগরীতে পরিণত হবে।

প্রতিযোগিতার টাইটেল স্পনসর হিসেবে রয়েছে স্যাম বন্ড (সামুদা স্পেক-কেম লিমিটেড)। স্বাস্থ্যসেবা ও হাইড্রেশন পার্টনার হিসেবে যুক্ত রয়েছে এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম। এছাড়া আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করছে বাংলাদেশ রেলওয়ে ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। প্রতিযোগিতার আইসক্রিম পার্টনার হিসেবে রয়েছে সাভয় আইসক্রিম।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন, স্যাম বন্ডের চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাস, ব্র্যান্ড ম্যানেজার ইমতিয়াজ ইবনে ইমাম, এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের করপোরেট হেড রাম প্রসাদ সুশীল এবং এভারেস্টজয়ী পর্বতারোহী বাবর আলীসহ বিভিন্ন ব্যক্তিত্ব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্যামুদা স্পেক-কেম লিমিটেডের চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাশ, এভারকেয়ার হাসপাতালের করপোরেট হেড রাম প্রসাদ সুশীল এবং হাসপাতালটির প্রতিনিধি রঞ্জন কুমার দাস, পর্বতারোহী ডা. বাবর আলী। চট্টলা রানারসের উপদেষ্টাদের মধ্যে ছিলেন প্রদীপ কুমার দেব, রাজীব ঘোষ, ইনামুল হক ও কাজী আরিফুল ইসলাম।

 

মন্তব্য করুন